উত্তর দিনাজপুর: কালীপুজো মানেই রাতভর আরাধনা, আলোর উৎসব আর ভক্তদের ভিড়। কিন্তু এমন এক কালীবাড়ি রয়েছে, যেখানে পুজোর রীতিই কার্যত অবাক করে দেয়। সন্ধ্যা নামার পর তৈরি হয় দেবী প্রতিমা, রাতেই সম্পন্ন হয় পুজো। এমনকী সূর্য ওঠার আগেই বিসর্জন দেওয়া হয় প্রতিমা। অর্থাৎ, প্রতিমা তৈরি থেকে বিসর্জন—সবটাই শেষ হয় এক রাতের মধ্যে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগর কালীবাড়িতে প্রায় ৫০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই বিশেষ ঐতিহ্য।
দেবীনগর কালীবাড়ির অন্যতম বৈশিষ্ট্য হল, মন্দিরটির কোনও ছাদ নেই। সারা বছর ছাদহীন মন্দিরের বেদিতেই চলে দেবী কালীর আরাধনা। তবে দীপান্বিতা অমাবস্যার দিন পুজোর নিয়ম সম্পূর্ণ আলাদা। সূর্যাস্তের পর শুরু হয় প্রতিমা তৈরির কাজ। রাতের মধ্যেই প্রতিমা নির্মাণ করে সম্পন্ন করা হয় পুজো। এরপর ভোরের আলো ফোটার আগেই দেবীকে বিসর্জন দেওয়া হয়। ফলে সূর্যের আলোয় প্রতিমা দেখার সুযোগ পান না ভক্তরা।
এই পুজোকে ঘিরে রয়েছে একাধিক লোককথাও। কথিত আছে, একসময় ডাকাতদের পুজো হিসেবেই পরিচিত ছিল দেবীনগরের এই কালীপুজো। পরে ডাকাতরা পুজো বন্ধ করে দিলে অবিভক্ত দিনাজপুরের মহারাজা গিরিজানাথ রায় এর দায়িত্ব নেন। একবার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর গাড়ি খারাপ হয়ে যায়। সেই সময় স্বপ্নাদেশে দেবী তাঁকে ছাদহীন মন্দির নির্মাণ করে পুজোর আয়োজনের নির্দেশ দেন। এরপরই রাজপথের ধারে তৈরি হয় এই মন্দির।
এখানে বৈষ্ণব মতে দেবীর আরাধনা করা হয়। আগে বলি প্রথা থাকলেও বর্তমানে তা বন্ধ। ভোগে নিবেদন করা হয় লুচি, সুজি, মিষ্টি, ফল এবং পাঁচ রকমের ভাজা। কালীপুজোকে কেন্দ্র করে মন্দির চত্বরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। দেবীর দর্শন পেতে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য থেকেও ভক্তরা ভিড় জমান।







