ওয়েব ডেস্ক : রাজ্যের ২০৫টি বিএড কলেজে (BEd College) নতুন পড়ুয়া ভর্তি বন্ধের সিদ্ধান্ত ঘিরে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা। সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ৫৭টি বিএড কলেজ। মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা। মামলাকারী কলেজগুলির অভিযোগ, যথাযথ নোটিস ছাড়াই ভর্তি প্রক্রিয়া বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির ভবিষ্যৎ।
উল্লেখ্য, রাজ্যের বিএড কলেজগুলির পরিকাঠামো ও শিক্ষার মান যাচাই করতে বিশেষ পরিদর্শন চালায় উচ্চশিক্ষা দফতর। প্রথম দফায় ১৫৬টি কলেজকে ভর্তির অনুমতি দেওয়া হয়। প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে না পারায় ৪১৫টি কলেজকে ২১ দিনের শোকজ নোটিস পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯টি কলেজ কোনও জবাব দেয়নি। দ্বিতীয় দফার পরিদর্শনে আরও ২৩৭টি কলেজ ভর্তির ছাড়পত্র পায়। তবে নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ২০৫টি কলেজে ২০২৬-২৮ শিক্ষাবর্ষে নতুন পড়ুয়া ভর্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও খবর : উৎসবের মরসুমে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভাইফোঁটায় ভিজবে বাংলা? কী বলছে হাওয়া অফিস
উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, শিক্ষার গুণমান বজায় রাখতেই এই পদক্ষেপ। তবে সংশ্লিষ্ট কলেজগুলির অনুমোদন সম্পূর্ণ বাতিল করা হয়নি। প্রয়োজনীয় পরিকাঠামো ও শিক্ষকসংক্রান্ত ঘাটতি পূরণ করতে পারলে পরবর্তী শিক্ষাবর্ষে ফের ভর্তির অনুমতি পাওয়ার সুযোগ থাকবে। শুধু বিএড নয়, পরিদর্শনের পর ১৪টি আইটিআই, ৩৮টি ফার্মাসি কলেজ এবং একটি পলিটেকনিকেও নতুন পড়ুয়া ভর্তি স্থগিত রাখা হয়েছে।
এদিকে, রাজ্যের সিদ্ধান্তের জেরে পড়ুয়া ও কলেজকর্মীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল আশঙ্কা প্রকাশ করেছুলেন। বলেছিলেন, একসঙ্গে এতগুলি কলেজে ভর্তি বন্ধ থাকলে শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থায় সমস্যা তৈরি হতে পারে। এ নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৫৭টি কলেজ মামলা করল।







