ওয়েব ডেস্ক : উৎসবের মরশুমের পরেও বাজারে স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় অক্টোবরে দেশের খুচরো মূল্যবৃদ্ধির (Retail Inflation) হার এক ধাক্কায় বেড়ে দাঁড়াল ৬.০৯ শতাংশে। এর ফলে রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৬ শতাংশের ঊর্ধ্বসীমাও অতিক্রম করল মুদ্রাস্ফীতি (Inflation)। প্রায় দু’বছর পর প্রথমবার এই সীমা পার করল খুচরো মূল্যবৃদ্ধি। সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৫.৫৪ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিই এই পরিস্থিতির অন্যতম প্রধান কারণ।
অক্টোবরে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার বেড়ে হয়েছে ৮.৯৪ শতাংশ। সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৭.৭৪ শতাংশ। সবচেয়ে বেশি দাম বেড়েছে পেঁয়াজের। এক বছরে পেঁয়াজের দাম বেড়েছে ১১৬.২২ শতাংশ। রসুনের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার ৬০.৭৪ শতাংশ। এছাড়া রুপোর গয়নার দাম ৫২.৩৯ শতাংশ, আদার দাম ৪৮.৩২ শতাংশ এবং লেবুর দাম ৪৭.৩০ শতাংশ বেড়েছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন বাজার খরচে চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরও খবর : মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ফের বিশেষ অধিবেশনের পরিকল্পনা! ৩৬১ ভোটের অঙ্ক মেলাতে মরিয়া কেন্দ্র
রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির নিয়ম অনুযায়ী, খুচরো মূল্যবৃদ্ধির হার ২ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য রয়েছে। কিন্তু অক্টোবরে সেই সীমা ছাড়িয়ে গিয়েছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে মূল্যবৃদ্ধির হার পৌঁছেছিল ৬.২৫ শতাংশে। এবার ফের ঊর্ধ্বসীমা অতিক্রম করায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে খাদ্যপণ্যের বাজারে এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে।
আগামী ২ থেকে ৪ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক রয়েছে। তার আগে অক্টোবরের এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত অক্টোবরে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ০.২৫ শতাংশ বাড়িয়ে ৫.৫০ শতাংশ করেছিল। প্রায় চার বছর পর সুদের হারে এমন বৃদ্ধি হয়েছিল। মূল্যবৃদ্ধির চাপ, টাকার দুর্বলতা এবং অপরিশোধিত তেলের উচ্চ দামের পরিস্থিতিতে পরবর্তী বৈঠকে কেন্দ্রীয় ব্যাঙ্ক কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর অর্থনৈতিক মহলের।







