ওয়েব ডেস্ক : প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বি এন তিওয়ারি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জয়ন্তর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। প্রযোজক হিসেবে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মজাক’ এবং ‘দো লড়কে দোনো কড়কে’। নয়ের দশকের ধারাবাহিক ‘তালাশ’-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে পেশাগত পরিচিতি থাকলেও প্রচারের আলো থেকে নিজেকে বরাবরই দূরে রেখেছিলেন। পরিবার ও ঘনিষ্ঠ মহলে ‘বাবু’ নামেই পরিচিত ছিলেন তিনি।
আরও খবর : বক্স অফিসে ‘রামায়ণ’-এর জয়জয়কার! আট দিনেই ১০০০ কোটির ক্লাবে রণবীরের ছবি, একাধিক নজির
পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাম্পত্য জীবন কাটিয়েছেন মৌসুমী ও জয়ন্ত। স্কুলে পড়ার সময় তাঁদের বাগদান হয়, এরপর অল্প বয়সেই বিয়ে। তাঁদের দুই মেয়ে মেঘা ও পায়েল। ২০১৯ সালে ছোট মেয়ে পায়েলের মৃত্যুতে ভেঙে পড়েছিল পরিবার। সেই শোক কাটিয়ে ওঠার আগেই এবার জীবনসঙ্গীকে হারালেন অভিনেত্রী। জয়ন্তর প্রয়াণে শোকাহত তাঁর পরিবার, অনুরাগী এবং চলচ্চিত্র মহল।







