কলকাতা: মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী আরাধনা। চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর জাঁকজমকের মাঝেই বিশেষ আকর্ষণ কাঁথির অধিকারী পরিবারের শান্তিকুঞ্জের পুজো। প্রতি বছরের মতো এ বছরও নিষ্ঠা ও আড়ম্বরের সঙ্গে চলছে দেবীর আরাধনা। পুজোর চার দিন ধরে থাকছে নানা আচার-অনুষ্ঠান, ঢাকের বাদ্যি এবং অতিথি আপ্যায়নের বিশেষ আয়োজন।
শান্তিকুঞ্জের জগদ্ধাত্রী পুজোয় ভোগের মেনুতে থাকছে লুচি, খিচুড়ি, বিভিন্ন ধরনের নিরামিষ পদ, চাটনি, নাড়ু ও হরেক রকম মিষ্টি। পুজোর একদিন ভোগে থাকছে দুই থেকে তিন রকমের মাছের পদও। তবে এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, বাড়িতে আসা কোনও অতিথিকেই খালি মুখে ফিরতে দেওয়া হয় না।
অধিকারী পরিবারের কর্তা শিশির অধিকারী জানিয়েছেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীনও একই নিয়মে পুজোর আয়োজন হত। দূরদূরান্তের গ্রাম থেকে বহু মানুষ পুজো দেখতে আসতেন এবং প্রসাদ গ্রহণ করতেন। ভিড় সামলাতে একসময় মূল দরজা ভেঙে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল।
শিশির অধিকারীর কথায়, চার দিন ধরে শাস্ত্রীয় নিয়ম মেনেই পুজোর সমস্ত আচার পালন করা হয়। পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নেন। সাধারণ মানুষের খাওয়াদাওয়ার ব্যবস্থার দিকে নিজে দাঁড়িয়ে নজর রাখেন তিনি।
এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারীর কথায়, এই পুজোয় আসা প্রত্যেকেই অন্তত একটি নাড়ু হলেও প্রসাদ হিসেবে পাবেন। অন্যদিকে, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরেও পুজোর আয়োজনে কোনও পরিবর্তন হয়নি। তবে এ বছর শুভেন্দু অধিকারী কবে আসতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়।
এ বছর মায়ের কাছে কী প্রার্থনা পরিবারের? শিশির অধিকারী জানিয়েছেন, বাংলার মানুষের মঙ্গল, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান এবং বিপদগ্রস্ত পরিবারগুলির কল্যাণই তাঁদের প্রার্থনা। সমাজের সব স্তরের মানুষ যাতে ভালো থাকেন, দেবীর কাছে সেই কামনাই জানাবে অধিকারী পরিবার।






