ওয়েব ডেস্ক : বীরভূমের রতন শেখের ‘এনকাউন্টার’ (Ratan Sheikh Encounter) ঘিরে এবার মুখ খুলল জেলা পুলিশ। সোমবার সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ জানান, ইটভাটায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারের জন্য রতনকে নিয়ে গিয়েছিল পুলিশের একটি দল। সেখানে অস্ত্রের অবস্থান দেখানোর সময় আচমকাই নীচে বসে পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে গুলি চালান তিনি। সেই গুলি গিয়ে লাগে পুলিশের গাড়িতে। এরপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রতনের।
পুলিশ সুপার জানান, গত ১৩ নভেম্বর এক কনস্টেবলকে গুলি করে পালানোর পর রতনের খোঁজে একাধিক দল তৈরি করে তল্লাশি শুরু হয়েছিল। রবিবার বর্ধমানে তাঁর অবস্থান সম্পর্কে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। জেরায় তিনি ইটভাটায় অস্ত্র লুকিয়ে রাখার কথা জানায়।
আরও খবর : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! বাংলার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
সেই অস্ত্র উদ্ধারের জন্যই তাঁকে চারকোল গ্রামের কাছে উচকরণ এলাকার ইটভাটায় নিয়ে যাওয়া হয়েছিল। এসপি-র দাবি, রতনের বিরুদ্ধে ৩৬টি এবং তাঁর সঙ্গী রমেশ লোহারের বিরুদ্ধে ১৭ থেকে ১৮টি মামলা রয়েছে। গত ১৩ নভেম্বর কনস্টেবলকে গুলি করে পালানোর সময় রমেশও তাঁর সঙ্গে ছিল বলে অভিযোগ। বর্তমানে তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।
নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতনকে গুলিবিদ্ধ অবস্থায় নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর দেহের ময়নাতদন্ত হবে বোলপুর হাসপাতালে। অন্যদিকে, রতনের গুলিতে আহত কনস্টেবল এখনও কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাঁ পায়ে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। রতনের মৃত্যুর খবরে শোকাহত তাঁর দাদা ও বৌদি।







