HomeScroll'বেঁচে গেলাম’, কীসের ইঙ্গিত দিলেন অমিতাভ বচ্চন?
Amitabh Bachchan

‘বেঁচে গেলাম’, কীসের ইঙ্গিত দিলেন অমিতাভ বচ্চন?

দিল্লি পুলিশের স্পেশাল সেলের অভিযানে গ্রেফতার দুই অভিযুক্ত। পুলিশের দাবি, অমিতাভ বচ্চনের পাশাপাশি দিল্লির এক ব্যবসায়ীকেও গুলি করার পরিকল্পনা ছিল তাদের।

ওয়েব ডেস্ক : অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মুম্বইয়ের বাংলো ‘জলসা’কে নিশানা করার পরিকল্পনা করেছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটার! তবে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাদেরকে গ্রেফতার করেছে বলে খবর। ধৃতরা হল বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিং ওরফে দীপ। বিকাশ পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা, দীপকের বাড়ি তরন তারনে। পুলিশের দাবি, শুধু অমিতাভ নন, দিল্লির এক ব্যবসায়ীকেও গুলি করার ছক কষেছিল তারা। এদিকে, ১৫ ও ১৬ নভেম্বরের মধ্যবর্তী রাতে সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি লেখেন, “বাচ গয়ে” (বেঁচে গেলাম)। তবে কীসের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য, তা স্পষ্ট করেননি অভিনেতা।

তদন্তকারীদের অনুমান, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে অমিতাভের একটি বক্তব্যকে কেন্দ্র করে তাঁকে নিশানা করার পরিকল্পনা করা হয়েছিল। তবে হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং এর পিছনে কারা রয়েছে, তা এখনও তদন্তাধীন। পুলিশের দাবি, ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে হামলার দায়িত্ব ছিল বিকাশের। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে সে মুম্বই থেকে দিল্লি এসেছিল। অন্যদিকে, অমিতাভের উপর হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল দীপককে। গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে বিকাশকে গ্রেফতার করে স্পেশাল সেল। পরে মুম্বই থেকে ধরা হয় দীপককে।

আরও খবর :  ৩৩ বছর আগের দলিল ঘিরে বিতর্ক! অমিতাভের বাংলোর মালিকানা নিয়ে নতুন জট

এদিকে, গত এক মাসে অমিতাভের বাংলো ‘জলসা’য় তিনবার বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। ২৩ অক্টোবর, ৬ নভেম্বর এবং ১২ নভেম্বর আসা ওই ইমেলগুলিতে জলসার পাশাপাশি মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ জায়গার নামও উল্লেখ ছিল। প্রতিটি হুমকির পর তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কিছু মেলেনি। তবে নিরাপত্তা বাড়ানো হয়েছে অভিনেতার বাড়ির বাইরে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে ব্যারিকেড। ১ নভেম্বর অনুরাগীদের সঙ্গে দেখা করার সময় বুলেটপ্রুফ কাচের আড়ালেও দেখা গিয়েছিল অমিতাভকে।

পুলিশের দাবি, বিকাশের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। অন্যদিকে, অমৃতসরে ইনস্টাগ্রাম প্রভাবী ম্যাড সন্ধুর খুনের ঘটনায় অভিযুক্ত দীপক। গত ৩ অক্টোবর ওই খুনের পর থেকেই সে মুম্বইয়ে আত্মগোপন করেছিল বলে তদন্তকারীদের অনুমান। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র সরবরাহ, গ্যাংয়ের অন্যান্য সদস্য এবং বিদেশে থাকা পলাতক অভিযুক্তদের বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অস্ত্র আইনের ২৫ নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News