HomeBig newsসব রাজ্যেই লোকসভা আসন বাড়বে ৫০ শতাংশ! ২৫ বছর অপরিবর্তিত থাকবে অনুপাত,...
Delimitation Bill

সব রাজ্যেই লোকসভা আসন বাড়বে ৫০ শতাংশ! ২৫ বছর অপরিবর্তিত থাকবে অনুপাত, স্ট্যালিনের দাবি মেনে বিলে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ডিএমকের দাবিতে সিলমোহর মন্ত্রিসভার, ৫৪৩ থেকে বেড়ে লোকসভার আসন হতে পারে ৮১৬

ওয়েব ডেস্ক : আসন পুনর্বিন্যাস নিয়ে প্রস্তাবিত বিলে (Delimitation Bill) বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন প্রস্তাব অনুযায়ী, লোকসভার আসন সংখ্যা বাড়লে প্রতিটি রাজ্যের জন্যই ৫০ শতাংশ আসন বৃদ্ধির বিষয়টি বিলে স্পষ্টভাবে উল্লেখ করা হবে। অর্থাৎ, কোনও নির্দিষ্ট রাজ্য নয়, দেশের সব রাজ্যেই একই হারে আসন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার আগে এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ডিএমকের (DMK) দাবি। দলের বক্তব্য ছিল, আসন বৃদ্ধির বিষয়ে কেন্দ্রের মৌখিক আশ্বাস যথেষ্ট নয়। ভবিষ্যতে আসন পুনর্বিন্যাস কমিশন যাতে সেই প্রতিশ্রুতি উপেক্ষা করতে না পারে, তার জন্য আইনের মধ্যেই বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনও শুক্রবার দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তাঁর দাবি, লোকসভার মোট আসন বাড়লেও সংসদে তামিলনাড়ুর বর্তমান প্রতিনিধিত্বের অনুপাত কোনওভাবেই কমানো যাবে না।

আরও খবর :  দেড়শো থেকে ২০০ কোটি টাকার প্রস্তাব! আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শিবসেনা নেতা

প্রস্তাবিত ৫০ শতাংশ বৃদ্ধির হিসাব অনুযায়ী, লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮১৬ হতে পারে। সে ক্ষেত্রে তামিলনাড়ুর আসন ৩৯ থেকে বেড়ে ৫৯ হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে লোকসভায় রাজ্যটির প্রতিনিধিত্বের হার প্রায় ৭.১৮ শতাংশ। ডিএমকের দাবি, এই অনুপাত বজায় রাখার পাশাপাশি ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের অনুপাত আরও ২৫ বছর অপরিবর্তিত রাখতে হবে। তবে রাজ্যের অভ্যন্তরে নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে ২০১১ সালের জনগণনার তথ্য ব্যবহারের প্রস্তাব রয়েছে।

উল্লেখ্য, এর আগে মহিলা সংরক্ষণ কার্যকর করার সঙ্গে যুক্ত আসন পুনর্বিন্যাস সংক্রান্ত আইন পাশ করানোর উদ্যোগ প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় আটকে যায়। প্রস্তাবিত নতুন কাঠামোর লক্ষ্য সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের পথ তৈরি করা। ৩০ নভেম্বর লোকসভায় বিশেষ অধিবেশন শুরু হবে। রাজ্যসভার অধিবেশন বসবে ২ ডিসেম্বর। চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। সেখানেই বিল পাসের চেষ্টা হবে বলে শুক্রবা সিদ্ধান্ত নিল মোদী মন্ত্রিসভা।

[youtube-feed feed=1]
Read More

Latest News