ওয়েব ডেস্ক : রবিবার কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সময় হাতে রাখা জরুরি। রক্ষণাবেক্ষণের কাজের জন্য ২৯ নভেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে টানা ৯ ঘণ্টা। ফলে ওই সময় দক্ষিণ কলকাতার একাধিক স্টেশনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
মেট্রো কর্তৃপক্ষের সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অংশে পরিষেবা বন্ধ রাখা হবে। ওই সময় ট্রাফিক ও বিদ্যুৎ সংক্রান্ত ব্লক নিয়ে কাজ চলবে। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। সন্ধ্যা ৬টার পর শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ পথে ফের পরিষেবা চালু হওয়ার কথা।
আরও খবর : সংসদের বিশেষ অধিবেশনের আগে বিরোধীদের তৎপরতা, জরুরি তলবে দিল্লি যাচ্ছেন মমতা
রবিবার ব্লু লাইনে সাধারণত সকাল ৯টা থেকে দুই প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়ে। তবে আগামী রবিবারের জন্য সেই সূচিতে পরিবর্তন থাকছে। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জের দিকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টায়। একই সময়ে টালিগঞ্জ থেকেও দক্ষিণেশ্বরগামী পরিষেবা শুরু হবে। যাত্রীদের তাই যাত্রার আগে পরিবর্তিত সময়সূচি মাথায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এই রক্ষণাবেক্ষণের কাজ গত ২২ নভেম্বর হওয়ার কথা থাকলেও অতিরিক্ত বৃষ্টির কারণে তা স্থগিত করা হয়েছিল। এর আগেও ১৩ সেপ্টেম্বর, ১ নভেম্বর এবং ১৫ নভেম্বর রবিবার ব্লু লাইনে একই ধরনের পরিষেবা বিঘ্নিত হয়েছিল। ফলে মাসের শেষ রবিবারেও মেট্রোযাত্রীদের ভোগান্তির আশঙ্কা থাকছে।







