ওয়েব ডেস্ক: আইনি জটে ‘কালা হিরণ’ (Kala Hiran)। বলিউড (Bollywood) অভিনেতা সলমন খানের (Salman Khan) আবেদনে সাড়া দিয়ে ছবির টিজার সরানোর নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। আদালতের নির্দেশ, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে হবে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’-র টিজার।
সোমবার মামলার শুনানিতে ছবির প্রযোজক অমিত জানির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি জ্যোতি সিং। আদালতের পর্যবেক্ষণ, টিজারে এমন কিছু বিষয় রয়েছে যা সলমন খানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। প্রযোজকরা নির্দিষ্ট সময়ের মধ্যে টিজার না সরালে ইউটিউব ও এক্স (সাবেক টুইটার)-এর মতো প্ল্যাটফর্মকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরও খবর : সোমবার সকালেই বড় ধাক্কা! ১২ ঘণ্টা মিলবে না অ্যাপ ক্যাব, কেন এই সিদ্ধান্ত?
শুনানির সময় আদালতে ফের টিজারটি দেখানো হয়। তা দেখে বিচারপতি মন্তব্য করেন, কোনও ব্যক্তির দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি হওয়া ভাবমূর্তি নষ্ট হলে তার প্রভাব গুরুতর হতে পারে। আদালতের মতে, বিচারাধীন কোনও বিষয়কে কেন্দ্র করে এমনভাবে প্রচার করা গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, প্রায় দুই দশক আগে রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। ২০১৮ সালে এই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং দু’দিন জেলেও থাকতে হয়েছিল অভিনেতাকে। যদিও পরে তিনি জামিন পান, মামলাটি এখনও পুরোপুরি শেষ হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’। পরিচালক ভরত শ্রীনাতের এই ছবিতে সলমনের জীবনের বিতর্কিত অধ্যায় তুলে ধরা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে মুক্তির আগেই ছবিটি আইনি সমস্যার মুখে পড়েছে।
টিজার প্রকাশের পরই মানহানির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন সলমন। তাঁর অভিযোগ, ছবির প্রচারমূলক বিষয়বস্তু তাঁর সম্মান ও ব্যক্তিগত ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। সেই মামলার শুনানিতেই দিল্লি হাই কোর্ট এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে।







