ওয়েব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়কে (Jadavpur University) ঘিরে চলতে থাকা রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা ABVP নিয়ে দলের অবস্থান পরিষ্কার করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর বক্তব্য, ABVP-কে বিজেপির শাখা সংগঠন হিসেবে দেখা ঠিক নয়। সংগঠনটি নিজস্ব আদর্শ ও কর্মসূচি মেনেই স্বাধীনভাবে কাজ করে।
যাদবপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলে শমীক (Samik Bhattacharya) জানান, ABVP দেশের একটি বড় ছাত্র সংগঠন হলেও তার কার্যকলাপের ক্ষেত্রে বিজেপির কোনও নির্দেশ থাকে না। সংগঠনের কর্মসূচি কিংবা কোনও নির্দিষ্ট বিষয়ে তাদের অবস্থান কী হবে, সেই সিদ্ধান্ত ABVP নিজেরাই নেয়। ফলে তাদের কোনও পদক্ষেপের দায় সরাসরি বিজেপির উপর চাপানো উচিত নয় বলেই ইঙ্গিত দেন তিনি।
আরও খবর : অন্নপূর্ণার টাকা নিচ্ছেন অযোগ্য কেউ? এবার বাড়িতে বসেই জানানো যাবে অভিযোগ, কীভাবে করবেন?
বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক দলের সক্রিয় ভূমিকা নিয়েও আপত্তি জানান বিজেপির রাজ্য সভাপতি। তাঁর মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে ছাত্র সংগঠনগুলির নিজস্ব কর্মকাণ্ডে রাজনৈতিক দল হিসেবে বিজেপির সরাসরি হস্তক্ষেপ করা উচিত নয়। তবে ক্যাম্পাসের বাইরে পরিস্থিতি উত্তপ্ত হলে কিংবা আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হলে বিজেপির প্রতিনিধিরা সেখানে যেতে পারেন বলে জানান তিনি।
যাদবপুরে দেশবিরোধী স্লোগান ওঠার অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন শমীক। তাঁর বক্তব্য, সত্যিই যদি ‘ভারত তেরে টুকড়ে হোঙ্গে’ ধরনের স্লোগান দেওয়া হয়ে থাকে, তাহলে সেই ঘটনায় অভিযুক্তরা কীভাবে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সেটিও খতিয়ে দেখা দরকার। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একইসঙ্গে SFI এবং ছাত্র পরিষদের সঙ্গে ABVP-র রাজনৈতিক ও আদর্শগত অবস্থানের পার্থক্য রয়েছে বলেও দাবি করেন শমীক। তিনি জানান, ক্যাম্পাসের বাইরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নেতৃত্বে সরকারকেই সেই পরিস্থিতি সামলাতে হবে।







