HomeScrollচালক ছাড়াই ছুটবে কলকাতা মেট্রো! গ্রিন লাইনে সফল ট্রায়াল
Kolkata Metro

চালক ছাড়াই ছুটবে কলকাতা মেট্রো! গ্রিন লাইনে সফল ট্রায়াল

এখন শুধু সিআরএসের ছাড়পত্রের অপেক্ষা

কলকাতা: কলকাতায় (Kolkata) চালকবিহীন মেট্রো পরিষেবা (Metro Service) চালুর পথে আরও এক ধাপ এগোল মেট্রো রেল। হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে সেক্টর ফাইভ (Sector V) পর্যন্ত গ্রিন লাইনে চালকহীন মেট্রোর পরীক্ষামূলক চলাচল এবং নিরাপত্তা পরিদর্শন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শুধু কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)-এর আনুষ্ঠানিক ছাড়পত্র মিললেই যাত্রী নিয়ে এই পরিষেবা চালুর পথ প্রশস্ত হবে।

মেট্রো সূত্রের খবর, সম্প্রতি আন্ডারওয়াটার টানেল-সহ গোটা রুটে জরুরি পরিস্থিতিতে ট্রেন পরিচালনার সক্ষমতা খতিয়ে দেখা হয়। কমিউনিকেশন-বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থায় ট্রেনের গতি, দূরত্ব এবং নিরাপত্তা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। পরীক্ষায় গঙ্গার তলদেশের প্রায় ৫২০ মিটার দীর্ঘ সুড়ঙ্গও সফলভাবে অতিক্রম করেছে ট্রেন।

রথের দিন কেমন থাকবে আবহাওয়া? – KolkataTV

যদিও পরিষেবাটি ‘ড্রাইভারলেস’ নামে পরিচিত হবে, তবু প্রথম পর্যায়ে যাত্রীদের আস্থা বজায় রাখতে চালক কেবিনে উপস্থিত থাকবেন। তবে তাঁর ভূমিকা মূলত দরজা খোলা ও বন্ধ করা এবং প্রয়োজনে জরুরি পরিস্থিতিতে হস্তক্ষেপ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ট্রেনের স্বাভাবিক চলাচল নিয়ন্ত্রণ করবে সেন্ট্রাল পার্কের অপারেশন কন্ট্রোল সেন্টার।

রবিবারের পরীক্ষার জন্য গ্রিন লাইনে প্রথম মেট্রোর সময়ও পরিবর্তন করা হয়েছিল। সকাল ৯টার পরিবর্তে বিকেল সাড়ে ৪টেয় প্রথম ট্রেন চলাচল শুরু হয়। ওই দিন ১২টি স্টেশন এবং গঙ্গার নীচের সুড়ঙ্গ অংশে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।

মেট্রো কর্তৃপক্ষের আশা, সিআরএসের চূড়ান্ত সবুজ সংকেত মিললেই দেশের অন্যতম আধুনিক এই রুটে যাত্রীদের জন্য চালকবিহীন মেট্রো পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করা যাবে। তাতে কলকাতা দেশের সেই শহরগুলির তালিকায় আরও শক্ত অবস্থান নেবে, যেখানে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেট্রো প্রযুক্তি বাস্তবে ব্যবহৃত হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News