ওয়েব ডেস্ক : জন্মাষ্টমীর (Janmashtami) কারণে আগামী ৪ সেপ্টেম্বর কলকাতা মেট্রোর (kolkata Metro) দৈনন্দিন পরিষেবায় কিছুটা কাটছাঁট করা হয়েছে। উৎসবের দিনে যাত্রী চলাচলের ধরন বিবেচনা করে কয়েকটি লাইনে কম সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে। তবে পরিষেবা শুরু এবং শেষ হওয়ার নির্ধারিত সময়ে কোনও পরিবর্তন করা হয়নি।
ব্লু লাইনে ওই দিন মোট ২৫২টি পরিষেবা দেওয়া হবে। আপ ও ডাউন—দুই দিকেই ১২৬টি করে মেট্রো চলাচল করবে। ট্রেনের সংখ্যা কমলেও প্রথম এবং শেষ মেট্রো চলার সময় সাধারণ দিনের সূচি অনুযায়ীই থাকবে। গ্রিন লাইনেও পরিষেবার সংখ্যা কিছুটা কমানো হয়েছে। এই লাইনে মোট ২১২টি মেট্রো চলবে। আপ ও ডাউন দুই দিকেই ১০৬টি করে ট্রেন চালানো হবে।
আরও খবর : বিরাট কোহলির হাতে নতুন ট্যাটু, ভাইরাল ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে
ইয়েলো লাইনে জন্মাষ্টমীর দিন ৯২টি মেট্রো (Metro) চালানোর সিদ্ধান্ত হয়েছে। আপ ও ডাউন লাইনে ৪৬টি করে পরিষেবা থাকবে। তবে পার্পল এবং অরেঞ্জ লাইনের ক্ষেত্রে কোনও কাটছাঁট করা হয়নি। এই দুই রুটে সাধারণ দিনের মতোই মেট্রো পরিষেবা চালু থাকবে। অর্থাৎ জন্মাষ্টমীর ছুটিতেও যাত্রীদের জন্য এই দুই লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।







