ওয়েব ডেস্ক : ডিসেম্বর মাসে রাজ্যের একাধিক মিউনিসিপাল কর্পোরেশনে নির্বাচন (Municipal Corporation Election) হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই ইভিএম (EVM) নিয়ে সমস্যার মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চলা কয়েকটি মামলায় নির্দিষ্ট এলাকার ইভিএম সংরক্ষণ করে রাখার নির্দেশ থাকায় পুরভোটের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম হাতে না থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে বিচারাধীন মামলাগুলির দ্রুত শুনানি ও নিষ্পত্তির আবেদন জানানো হয়েছে হাইকোর্টে। রাজ্য নির্বাচন কমিশনের হয়ে আইনজীবী সপ্তাংশু বসু আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হলে সংরক্ষিত থাকা ইভিএমগুলি ফের নির্বাচনের কাজে ব্যবহার করা সম্ভব হবে। ফলে পুরভোটের প্রস্তুতিতে তৈরি হওয়া জটিলতাও অনেকটাই কাটতে পারে।
আরও খবর : খুলল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, ঘরে বসেই জানুন আবেদনের স্ট্যাটাস! বাতিল হলে ফের আবেদনের সুযোগ
কমিশনের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশের কারণে বর্তমানে বেশ কিছু ইভিএম নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত অবস্থায় রয়েছে। অন্যদিকে ডিসেম্বরের সম্ভাব্য পুরসভা নির্বাচনের জন্য বিপুল সংখ্যক ইভিএম প্রয়োজন হবে। ফলে সময়মতো মামলাগুলির নিষ্পত্তি না হলে নির্বাচনী প্রস্তুতিতে তার প্রভাব পড়তে পারে বলেই কমিশনের তরফে আদালতকে জানানো হয়েছে। বিষয়টি শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর এই মামলাগুলির শুনানি গ্রহণ করা হবে।







