ওয়েব ডেস্ক : জাতীয় নিরাপত্তায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে (Lokmanya Tilak National Award) সম্মানিত হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। শনিবার পুনেতে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের ১০৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) তাঁর হাতে এই সম্মান তুলে দেন।
অনুষ্ঠানে অমিত শাহ (Amit Shah) বলেন, দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা জোরদারে অজিত ডোভালের (Ajit Doval) অবদান ভারতের ইতিহাসে ‘সোনার অক্ষরে’ লেখা থাকবে। তাঁর মতে, ২০১৪ সালের পর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ডোভালের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শাহ বলেন, “যখনই ভারতের ইতিহাস লেখা হবে এবং দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা নিয়ে মূল্যায়ন করা হবে, তখন অজিত ডোভালের জন্য ইতিহাসে একটি ‘সোনার পাতা’ সংরক্ষিত রাখতে হবে। এ বিষয়ে কোনও সন্দেহ নেই।”তিনি আরও বলেছেন, “আহমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণের পর তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে গুজরাত পুলিশকে অজিত ডোভালের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন। তিনি যে তথ্য ও পরামর্শ দিয়েছিলেন, তার ভিত্তিতে শুধু আহমেদাবাদ বিস্ফোরণ নয়, সারা দেশে মোট ১৩টি বিস্ফোরণ মামলার তদন্তে একসঙ্গে গুরুত্বপূর্ণ সাফল্য পাওয়া গিয়েছিল। এটি ছিল অত্যন্ত বড় সাফল্য।”
আরও খবর : জীবন্ত হৃৎপিণ্ড নিয়ে ছুটল বন্দে ভারত! ২১৭ মিনিটে রেলপথে তৈরি হল নজির, বাঁচল একটি প্রাণ
সঙ্গে বলেছেন, “২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর অজিত (Ajit Doval) ডোভালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ করেন। এরপর ভারতের বিদেশনীতি ইস্পাতের মতো দৃঢ় ভিত্তি পেয়েছে। আত্মসম্মান বজায় রেখেই বিশ্বমঞ্চে ভারত নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে।” এচাড়া বলেছেন, “লোকমান্য তিলক জাতীয় পুরস্কারের মতো সম্মান শুধু আনুষ্ঠানিক স্বীকৃতি নয়। যাঁরা সারা জীবন দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি সমাজের কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। একই সঙ্গে এই সম্মান ভবিষ্যৎ প্রজন্মকে দেশসেবায় অনুপ্রাণিত করবে।”
সম্মান গ্রহণ করে অজিত ডোভাল দেশের যুবসমাজকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন। বর্তমান সময় ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগের সময়।
উল্লেখ্য, লোকমান্য তিলক স্মারক ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবছর ১ অগস্ট এই জাতীয় পুরস্কার প্রদান করা হয়। দেশের উন্নয়ন, জনজীবন ও জাতীয় স্বার্থে অসামান্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের এই সম্মানে ভূষিত করা হয়।







