HomeScrollসেন্ট্রাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে উধাও ১৩.৯৭ কোটি টাকা! তিন দিনে ১৮৭টি সন্দেহজনক...
Central Bank of India

সেন্ট্রাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে উধাও ১৩.৯৭ কোটি টাকা! তিন দিনে ১৮৭টি সন্দেহজনক লেনদেন, দায়ের এফআইআর

রিজার্ভ ব্যাঙ্কের সেটলমেন্ট অ্যাকাউন্ট থেকে ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের অভিযোগ, ব্যাঙ্কিং মেসেজিং ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের সন্দেহ

ওয়েব ডেস্ক : সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Central Bank of India)সঙ্গে থাকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সেটলমেন্ট অ্যাকাউন্ট থেকে ১৩.৯৭ কোটি টাকা টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ব্যাঙ্কের অভিযোগ, ২০২৬ সালের ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে মোট ১৮৭টি সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ওই অর্থ ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ।

ব্যাঙ্কের ট্রেজারি বিভাগের এক জেনারেল ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের নোডাল সাইবার থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ১৫ অক্টোবর ছ’টি, ১৬ অক্টোবর ৮৮টি এবং ১৭ অক্টোবর ৯৩টি লেনদেন হয়। তবে ব্যাঙ্কের অভ্যন্তরীণ তদন্তে এই লেনদেনগুলির কোনওটিরই স্বাভাবিক ব্যাঙ্কিং প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হওয়ার প্রমাণ মেলেনি।

আরও খবর :  স্বাস্থ্য বিমায় নতুন নিয়মের ভাবনা! চিকিৎসার বিলের ১০ শতাংশ দিতে হতে পারে গ্রাহককে, বাড়বে কি খরচ?

ব্যাঙ্কের অভিযোগ, রিজার্ভ ব্যাঙ্কের সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা ইন্ডিয়ান ফিনানশিয়াল টেকনোলজি অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেসের কেন্দ্রীয় স্ট্রাকচার্ড ফিনানশিয়াল মেসেজিং সিস্টেমে অননুমোদিত প্রবেশ ঘটিয়ে অর্থ সরানো হয়ে থাকতে পারে। এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত বার্তা আদানপ্রদান হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ১৮৭টি লেনদেনের কোনও তথ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল ব্যাঙ্কিং ব্যবস্থা, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং কিংবা অন্য কোনও ব্যাঙ্কিং চ্যানেলে পাওয়া যায়নি। এমনকি রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট মেসেজিং ব্যবস্থার রেকর্ডেও লেনদেনগুলির সম্পূর্ণ তথ্য অনুপস্থিত ছিল।

ব্যাঙ্কের দাবি, মেসেজিং ব্যবস্থার তথ্যভান্ডারের লগে ১০টি অ্যাকাউন্টের আংশিক সূত্র পাওয়া গেলেও সংশ্লিষ্ট লেনদেনের পরিচিতি নম্বর ব্যাঙ্কের নিজস্ব রেকর্ডে মেলেনি। লেনদেনে অর্থ প্রেরক হিসেবে চিহ্নিত অ্যাকাউন্টগুলিও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফলে কীভাবে ব্যাঙ্কের অনুমোদিত ব্যবস্থাকে এড়িয়ে অর্থ স্থানান্তর করা হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনাটি সামনে আসার পর দ্রুত রিজার্ভ ব্যাঙ্ক, সংশ্লিষ্ট প্রযুক্তি সংস্থা, ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন সেন্টার এবং কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক। প্রতারণা ও ছদ্মপরিচয় ব্যবহারের অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News