ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employes) জন্য সুখবর। মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এক ধাক্কায় ৩ শতাংশ বাড়ল ডিএ। ফলে মূল বেতনের ৬০ শতাংশ থেকে বেড়ে মহার্ঘ ভাতার হার দাঁড়াল ৬৩ শতাংশে। এই সিদ্ধান্ত কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি উপকৃত হবেন পেনশনভোগীরাও। সরকারের এই সিদ্ধান্তে অতিরিক্ত ১০,০১৬ কোটি টাকা খরচ হবে।
ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মধ্যে সরকারি কর্মীদের আর্থিক সুরাহা দিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং জীবনযাত্রার খরচের সঙ্গে সামঞ্জস্য রাখতে নির্দিষ্ট সময় অন্তর মহার্ঘ ভাতা সংশোধন করে কেন্দ্র। সাধারণত বছরে দু’বার, জানুয়ারি ও জুলাই মাসে ডিএ এবং ডিআর সংশোধন করা হয়।
আরও খবর : অর্ণবের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে পাঁচের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭১৪টিরও বেশি গ্রাম
এর আগে ২০২৬ সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (DA) ২ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছিল। সেই বৃদ্ধি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। এবার আরও ৩ শতাংশ বৃদ্ধির ফলে মহার্ঘ ভাতার হার বেড়ে ৬৩ শতাংশে পৌঁছল।
শুধু কর্মীদের মহার্ঘ ভাতাই নয়, কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের মহার্ঘ স্বস্তি বা ডিআর-ও ৩ শতাংশ বাড়ানো হচ্ছে। কর্মরত সরকারি কর্মীরা ডিএ পান, আর অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দেওয়া হয় ডিআর। মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে দুই ক্ষেত্রেই এই সংশোধন করা হয়। নতুন হার কার্যকর হলে সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীরা বর্ধিত হারে ভাতা পাবেন।






