HomeScroll‘নৃশংস জঙ্গিদের হাতে খুন হবেন’, চিরাগ পাসওয়ানকে হুমকি চিঠি!
Chirag Paswan

‘নৃশংস জঙ্গিদের হাতে খুন হবেন’, চিরাগ পাসওয়ানকে হুমকি চিঠি!

কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানকে হত্যার হুমকি দিয়ে এসেছে বেনামি চিঠি। বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহ, সিআরপিএফ এবং বিহার সরকারকে।

ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ানকে (Chirag Paswan) হত্যার হুমকি। একটি বেনামি চিঠিতে তাঁকে ‘নৃশংস জঙ্গিদের’ হাতে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই নিরাপত্তা নিয়ে তৎপর হয়েছে কেন্দ্র।

চিরাগ পাসওয়ানের (Chirag Paswan) সচিবের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, একটি স্বাক্ষরহীন চিঠি পাওয়া গিয়েছে। সেই চিঠির সঙ্গে দুটি মোবাইল নম্বরও দেওয়া ছিল। চিঠি খুলতেই কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীর প্রাণনাশের সরাসরি হুমকি নজরে আসে।

আরও খবর : কাস্টমার কেয়ারে বদল, হায়দরাবাদ সেন্টার বন্ধ করছে জোম্যাটো, চাকরি হারাবেন প্রায় ২৫০ জন কর্মী!

চিঠিতে লেখা হয়েছে, “আপনাকে শীঘ্রই নৃশংস জঙ্গিদের হাতে খুন করা হবে।” হুমকির ধরনকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে দ্রুত তদন্তের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি চিরাগের নিরাপত্তা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে কি না, তা খতিয়ে দেখার কথাও বলা হয়েছে।

ঘটনাটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নজরে আনা হয়েছে। পাশাপাশি সিআরপিএফ এবং বিহার সরকারকেও বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে চিরাগ পাসওয়ান (Chirag Paswan) জেড-প্লাস নিরাপত্তা পান। ফলে হুমকির চিঠিকে ঘিরে নিরাপত্তা সংস্থাগুলির তৎপরতা আরও বাড়তে পারে। প্রসঙ্গত, চিরাগ গত কয়েক দিন লাগাতার সংরক্ষণের পক্ষে সুর চড়াচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, বলছেন, “সংরক্ষণ দয়া নয়। পিছিয়ে পড়াদের অধিকার। তাই কেউ চাইলেই সেটা বন্ধ করা যায় না।” মন্ত্রী জিতন রাম মাঝির সঙ্গে সরাসরি সংঘাতেও জড়ান তিনি। তারপরই খুনের হুমকি পেলেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও প্রাণনাশের হুমকির ঘটনা সামনে এসেছিল। গত অগস্টে ঝাড়খণ্ডে এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী ও অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এবার ফের এক কেন্দ্রীয় মন্ত্রীকে এমন হুমকি ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News