HomeScrollযুদ্ধের সময়ে হাজারো পোলিশ শিশুকে দিয়েছিলেন আশ্রয়! আজও ‘গুড মহারাজা’ নামে স্মরণ...
Narendra Modi

যুদ্ধের সময়ে হাজারো পোলিশ শিশুকে দিয়েছিলেন আশ্রয়! আজও ‘গুড মহারাজা’ নামে স্মরণ জাম সাহেবকে, মোদীর মুখে তাঁর কথা

নয়াদিল্লি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সময়ে নিজের রাজ্যে আশ্রয় দিয়েছিলেন হাজারেরও বেশি পোলিশ নাগরিককে, যাঁদের বড় অংশই ছিল শিশু। মানবিকতার সেই নজিরের জন্যই আজও পোল্যান্ডে ‘গুড মহারাজা’ বা ‘ভালো মহারাজা’ নামে স্মরণ করা হয় ভারতের এক রাজাকে। তিনি জাম সাহেব দিগ্বিজয়সিংজি রঞ্জিতসিংজি জাদেজা। বৃহস্পতিবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সাংবাদিক বৈঠকে তাঁর অবদানের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী বলেন, ভারত ও পোল্যান্ডের বন্ধুত্ব শুধু কূটনৈতিক সম্পর্কের উপর দাঁড়িয়ে নেই। এর শিকড় রয়েছে মানবিকতা ও পারস্পরিক সংবেদনশীলতার মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জামনগর ও কোলাপুরের রাজপরিবার পোল্যান্ডের বহু শিশু ও পরিবারকে ভারতে আশ্রয় দিয়েছিল।

তৎকালীন নবনগর রাজ্যের শাসক জাম সাহেব দিগ্বিজয়সিংজি পোল্যান্ড থেকে পালিয়ে আসা শিশুদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। যুদ্ধের কারণে ঘরছাড়া হওয়া ওই শিশুদের নিরাপদে থাকার পাশাপাশি যত্ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগও নিয়েছিলেন তিনি। পোল্যান্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম তাঁর নামে রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই মানবিক উদ্যোগের স্মৃতি আজও ভারত-পোল্যান্ড সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। পোল্যান্ডের রাজধানী ওয়ারশয়েও জাম সাহেবের স্মৃতিতে মূর্তি রয়েছে। মোদীর বক্তব্য, ২০২২ সালে ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদে দেশে ফেরানোর ক্ষেত্রে পোল্যান্ডের সহযোগিতার মধ্যেও সেই মানবিকতার ধারাবাহিকতা দেখা যায়।

জাম সাহেবের পরিচিতি শুধু মানবিক কাজেই সীমাবদ্ধ ছিল না। ক্রিকেট প্রশাসনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ১৯৩৭ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর পরিবারের আর এক সদস্য কে এস রঞ্জিতসিংজির নাম থেকেই ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা ‘রঞ্জি ট্রফি’র নামকরণ।

যুদ্ধের অন্ধকার সময়ে বিপন্ন শিশুদের আশ্রয় দেওয়ার সেই ঘটনা তাই আজও দুই দেশের সম্পর্কের ইতিহাসে বিশেষ জায়গা করে রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News