বর্ধমান: নদীর জলে ভেসে উঠছে একের পর এক রুই, কাতলা, মৃগেল! মৃত মাছ সংগ্রহ করতে নদীতে নেমে পড়ছেন আট থেকে আশি—কেউ আনছেন বালতি, কেউ জাল। পূর্ব বর্ধমানের কুনুর নদীতে টন টন মাছের মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে উদ্বেগ। প্রাথমিক ভাবে রাসায়নিক দূষণকে সম্ভাব্য কারণ বলে মনে করা হলেও, কী থেকে এই বিপর্যয়, তা এখনও নিশ্চিত নয়।
স্থানীয় সূত্রে খবর, নদীতে মাছ মরে ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের বহু মানুষ মাছ সংগ্রহ করতে শুরু করেন। অভিযোগ, তাঁদের কেউ কেউ সেই মাছ বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, আবার কেউ বাজারে বিক্রির উদ্দেশ্যে জমা করছেন। আর তা নিয়েই বাড়ছে আশঙ্কা।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা, দূষিত জলের ক্ষতিকর রাসায়নিক মাছের শরীরে জমা হতে পারে। সেই মাছ খেলে বিষক্রিয়া-সহ গুরুতর স্বাস্থ্যসমস্যার ঝুঁকি তৈরি হতে পারে। তাই নদীর জল ও মাছের নমুনা পরীক্ষা করে নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত মৃত বা দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে, এমন মাছ খাওয়া কিংবা বিক্রি করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রাথমিক অনুমান, কোনও শিল্পাঞ্চল থেকে রাসায়নিক বর্জ্য নদীতে মিশে যাওয়ার ফলে মাছের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে দূষণের উৎস এবং প্রকৃত কারণ জানতে বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন। এখনও পর্যন্ত নিশ্চিত কোনও কারণ সামনে আসেনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুনুর নদীতে বারবার মাছ মরে ভেসে ওঠার ঘটনা ঘটলেও স্থায়ী সমাধান হয়নি। নদীর উপর নির্ভরশীল মানুষের জীবিকা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনই বিপন্ন হচ্ছে জলজ বাস্তুতন্ত্র।
কীভাবে নদীর জলে দূষণ ছড়াল, কোন উৎস থেকে তা এসেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে কী ব্যবস্থা নেওয়া হবে—এখন সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত দূষণের উৎস চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং নদীর জল ও মাছের নিরাপত্তা পরীক্ষা করা হোক।







