ওয়েব ডেস্ক : রাজধানীর বায়ুদূষণ (Pollution) কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে আলোচনার কথা ছিল দিল্লি পুরসভার অধিবেশনে। কিন্তু সেই আলোচনা ঘিরেই বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল পুরসভার সভাকক্ষ। শাসক বিজেপি ও বিরোধী আম আদমি পার্টির কাউন্সিলরদের মধ্যে শুরু হয় তুমুল বাগ্বিতণ্ডা। পরিস্থিতি ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। একে অপরের দিকে জল ও ফাইল ছোড়ার অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা মেয়র প্রবেশ ওয়াহিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান।
বিতর্কের সূত্রপাত ওয়ার্ডের উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ অর্থ নিয়ে। আপ কাউন্সিলররা অবিলম্বে তাঁদের ওয়ার্ডের উন্নয়ন তহবিল ছাড়ার দাবি জানান। জবাবে মেয়র প্রবেশ ওয়াহি ২৫ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা করেন। পাশাপাশি জানান, চলতি অর্থবর্ষে কাউন্সিলরদের জন্য মোট ২ কোটি টাকা দেওয়া হবে। কিন্তু এই ঘোষণায় সন্তুষ্ট হননি বিরোধীরা। তাঁদের দাবি, অবিলম্বে বরাদ্দ বাড়িয়ে ১ কোটি টাকা করতে হবে। এই নিয়ে স্লোগান ও উত্তেজনা বাড়তে থাকায় অধিবেশন পাঁচ মিনিটের জন্য মুলতুবি করতে হয়।
আরও খবর : বিজয়ন ও মেয়ে-জামাইয়ের সাময়িক স্বস্তি সুপ্রিম কোর্টে! দুর্নীতি মামলার তদন্ত সাত দিনের জন্য স্থগিত
পরে অধিবেশন শুরু হলে আলোচনার বিষয় হয়ে ওঠে দিল্লির ক্রমবর্ধমান বায়ুদূষণ। দূষণ মোকাবিলায় পুরসভা ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী কাউন্সিলররা। এরপর বিজেপি ও আপ সদস্যদের মধ্যে ফের সংঘাত শুরু হয়। বেশ কিছু ভিডিওতে আপ কাউন্সিলর শাগুফতা জুবেরকে মেয়রের আসনের সামনে থাকা মাইক্রোফোন ভাঙার চেষ্টা করতে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি )। বিরোধী দলনেতা অঙ্কুশ নারাংয়ের বিরুদ্ধেও মাইক্রোফোনের ক্ষতি করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন মার্শালরা।
এই উত্তপ্ত পরিস্থিতিতে কংগ্রেস নেত্রী নাজিয়া দানিশ ও আপ নেতা অঙ্কুশ নারাংয়ের মধ্যেও তীব্র বাক্বিতণ্ডা হয়। আপের সমালোচনা করতে গিয়ে দানিশের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায়। ঘটনার পর কাউন্সিলরদের আচরণ খতিয়ে দেখতে বিষয়টি পুরসভার শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হয়েছে। মেয়র জানিয়েছেন, কমিটি সাসপেনশনের সুপারিশ করলে সেই পদক্ষেপও করা হতে পারে।






