ওয়েব ডেস্ক : নিউইয়র্কের (New York) ব্রুকলিনে তিনতলা আবাসন ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। বুধবার বিকেলে ফ্ল্যাটবুশ এলাকার একটি বহুতল বাড়ি পাশের নির্মাণস্থলের দিকে ভেঙে পড়ে। ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন দমকলকর্মী। বৃহস্পতিবার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এই তথ্য জানিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ আটকে রয়েছেন কি না, তা জানতে রাতভর উদ্ধার অভিযান চালানো হয়েছে।
স্থানীয় সময় বুধবার বিকেল প্রায় ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ১৯৩০ সালে তৈরি চারটি আবাসিক ইউনিটের ওই বাড়িটি পাশের জমিতে খোঁড়াখুঁড়ির জন্য তৈরি গর্তের মধ্যে ভেঙে পড়ে। কী কারণে বাড়িটি ধসে গেল, তা এখনও স্পষ্ট নয়। দমকল বিভাগের প্রধান জন এসপোসিটো জানিয়েছেন, পুরো এলাকা খতিয়ে দেখতে কয়েক দিন সময় লাগতে পারে। কতজন এখনও নিখোঁজ, সে বিষয়েও নিশ্চিত তথ্য মেলেনি।
আরও খবর : বোমাতঙ্কে ইতালিতে ৩০০ স্কুল খালি! ‘মিসোজিনিস্তান’-এর নামে হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য
উদ্ধারকাজে নামানো হয়েছে ২৫০-র বেশি দমকলকর্মী ও জরুরি পরিষেবার কর্মীকে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া মানুষদের খুঁজতে ব্যবহার করা হচ্ছে ড্রোন, প্রশিক্ষিত কুকুর এবং বিশেষ কাটার যন্ত্র। উদ্ধারকর্মীদের জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলেও জানিয়েছেন মেয়র মামদানি। তাঁর কথায়, ধসে পড়া অংশের নিচে বিপজ্জনক ফাঁকা জায়গা ও অস্থির ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধারকাজ চালাতে হচ্ছে। এর আগে অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে এক অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর।
দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দমকল কমিশনার লিলিয়ান বনসিগনোর জানিয়েছেন, প্রাথমিকভাবে অন্তত ১৯ জন হতাহতের তথ্য পাওয়া গিয়েছিল। তাঁদের মধ্যে সাতজন শিশু ছিল। তবে মৃতদের মধ্যে শিশু নাকি প্রাপ্তবয়স্ক রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। অন্যদিকে, স্থানীয় বাসিন্দা অ্যান্ডারসন ভেলেজ জানিয়েছেন, দুর্ঘটনার সময় তাঁর স্ত্রী ও দুই সন্তান বাড়ির ভিতরে আটকে পড়েছিলেন। পরে তাঁদের জীবিত উদ্ধার করা হয়েছে বলে তিনি জানতে পারেন। বাড়ি ধসের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।







