HomeScrollঅরুণাচল সীমান্তে চীনা সেনার সঙ্গে ফের মুখোমুখি ভারতীয় জওয়ানরা!
India China Border

অরুণাচল সীমান্তে চীনা সেনার সঙ্গে ফের মুখোমুখি ভারতীয় জওয়ানরা!

গত কয়েক দিনে অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় ভারত ও চিনের সেনার মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে বলে জানালেন আইটিবিপি প্রধান শত্রুজিৎ কাপুর। পরিস্থিতি এখনও অব্যাহত বলে দাবি তাঁর।

ওয়েব ডেস্ক : ভারত-চীন সীমান্তে (India-China border) ফের উত্তেজনার। অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) একাধিক জায়গায় গত কয়েক দিনে চীনা সেনার সঙ্গে ভারতীয় জওয়ানদের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের ডিজি শত্রুজিৎ কাপুর। বৃহস্পতিবার রাজস্থানের আলওয়ারে বাহিনীর একটি ঘাঁটিতে জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানান তিনি।

শত্রুজিৎ জানান, অরুণাচল প্রদেশের একাধিক এলাকায় চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ-র (PLA) সঙ্গে ভারতীয় বাহিনীর মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। তবে ঠিক কোন কোন এলাকায় এই ঘটনা ঘটেছে, তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সীমান্তে বাহিনীর প্রস্তুতি বাড়ানোর কথাও জানিয়েছেন আইটিবিপি প্রধান। তিনি জানান, ‘শৌর্য’ নামে নতুন একটি কম্যান্ডো দল তৈরি করা হয়েছে। অরুণাচল প্রদেশে চিনা সেনার সঙ্গে চলতে থাকা মুখোমুখি পরিস্থিতিতে এই দলের সদস্যরা নিজেদের দক্ষতা দেখিয়েছেন বলেও দাবি করেন তিনি। সীমান্তের প্রতিটি ব্যাটালিয়নে এই কম্যান্ডো দল রাখার পরিকল্পনা রয়েছে।

আরও খবর :  ভুয়ো ভিডিও তৈরি করে পোস্ট করার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার হলেন ২৫ বছরের এক যুবক

চিন সীমান্তকে বাহিনীর অন্যতম কঠিন দায়িত্বপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করেছেন কাপুর। তাঁর মতে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। বিশেষ করে ড্রোন ও ড্রোন-বিরোধী ব্যবস্থার উপর জোর দিয়েছেন তিনি। চিনের সেনাবাহিনী আধুনিক প্রযুক্তিতে উন্নত হওয়ায় ভারতীয় বাহিনীকেও নতুন যুদ্ধকৌশল ও প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে হবে বলে জানান আইটিবিপি প্রধান।

এছাড়া জওয়ানদের প্রশিক্ষণের জন্য ‘স্ট্রাইক’ নামে একটি নতুন প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ২০২৭ সালের শেষের মধ্যে বাহিনীর সমস্ত সদস্যকে এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সীমান্তে গালওয়ানের মতো পরিস্থিতি মোকাবিলায় জওয়ানদের সক্ষমতা বাড়ানোই এই প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি প্রায় ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ। ২০২০ সালের জুনে লাদাখের গালওয়ানে দুই দেশের সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর থেকেই সীমান্তে নিরাপত্তা ও সেনার প্রস্তুতি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু চীন-ভারত সীমান্তে উত্তেজনা কমেনি তেমনটাই জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের ডিজি শত্রুজিৎ কাপুর। আইটিবিপির ডিজি যে বিস্ফোরক মন্তব্য করেছেন, সেই নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। জয়রাম রমেশের বলেছেন, আইটিবিপির ডিজি যখন চীনের সঙ্গে সংঘাতের কথা বলছেন তখন প্রধানমন্ত্রী চুপ। সীমান্তে শান্তি ফেরাতে কোর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছিল সেপ্টেম্বর মাসে, সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই প্রশ্নও তোলেন জয়রাম।

[youtube-feed feed=1]
Read More

Latest News