ওয়েব ডেস্ক : ভোটার তালিকায় তথ্যের গরমিল ঘিরে চাঞ্চল্য উত্তরপ্রদেশে (Uttarpradesh)। পিলিভিট সদর বিধানসভা কেন্দ্রে ১০ হাজারেরও বেশি ভোটারের নথিতে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ঘটনার তদন্তের পর দুই নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে আইনি ও বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্যের নির্বাচন কমিশন। পাশাপাশি বরখাস্ত করা হয়েছে এক কম্পিউটার অপারেটরকে।
উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়ার দফতরের বিবৃতি অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মে থেকে ২৯ অগস্ট পর্যন্ত ভোটারদের তথ্য সংশোধনের জন্য ১৩ হাজার ৭৭৯টি ফর্ম-৮ আবেদন নথিভুক্ত করা হয়েছিল। তার মধ্যে ১০ হাজার ৪৭০টি আবেদন মঞ্জুর হয় এবং ৩ হাজার ৩০৯টি বাতিল করা হয়। কিন্তু তদন্তে দেখা যায়, ওই আবেদনগুলির সঙ্গে সম্পর্কিত কোনও আবেদনপত্র বা প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট দফতরে পাওয়া যায়নি।
এই ঘটনায় কম্পিউটার অপারেটর অনিল কুমারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ওই সময় পিলিভিটে দায়িত্বে থাকা দুই মহকুমাশাসক ময়ঙ্ক গোস্বামী ও হেমন্ত চৌধুরীর বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তাঁদের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ৩২ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকা তৈরির কাজে যুক্ত সহকারী নির্বাচনী আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর : ভুয়ো ভিডিও তৈরি করে পোস্ট করার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার হলেন ২৫ বছরের এক যুবক
এই বিতর্কের সূত্রপাত ভোটার পরিচয়পত্রের নম্বর নিয়ে অভিযোগ থেকে। কংগ্রেসের দাবি, পিলিভিট সদর কেন্দ্রে ১৩ হাজার ১৫০ জন ভোটারের পরিচয়পত্রের নম্বর এক হলেও তাঁদের নাম ও বাবার নাম আলাদা। সমাজবাদী পার্টিও একই ধরনের অভিযোগ তুলেছে। বিষয়টি সামনে আসার পর নির্বাচন দফতর তদন্তের নির্দেশ দেয়।
এদিকে, কম্পিউটার অপারেটরের নথিভুক্ত করা ফর্ম-৬ এবং ফর্ম-৭ আবেদনগুলিও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ফর্ম-৬ ব্যবহার করা হয় ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য এবং ফর্ম-৭ নাম বাদ দেওয়ার আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। ১০ এপ্রিল থেকে ২১ অক্টোবর পর্যন্ত নথিভুক্ত এই আবেদনগুলি পরীক্ষা করে এক দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি নিয়ম মেনে অনিয়মযুক্ত ফর্ম-৮ এন্ট্রিগুলি সংশোধনের কাজও চলছে।







