HomeScrollবিচারকের নাবালক ছেলের গাড়িতে দুর্ঘটনায় মৃত্যু, কোচির পুলিশ কমিশনার অপসারিত, সাসপেন্ড ৪...
Kochi

বিচারকের নাবালক ছেলের গাড়িতে দুর্ঘটনায় মৃত্যু, কোচির পুলিশ কমিশনার অপসারিত, সাসপেন্ড ৪ পুলিশকর্মী

তদন্তে গাফিলতির অভিযোগে কড়া পদক্ষেপ কেরল সরকারের, ৫৫ বছরের স্কুটার চালকের মৃত্যুকে ঘিরে বাড়ছে বিতর্ক

ওয়েব ডেস্ক : বিচারকের নাবালক ছেলের চালানো মার্সিডিজ গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর বড় পদক্ষেপ করল কেরল সরকার (Kerala Government)। কোচির পুলিশ কমিশনার এস কালিরাজ মহেশ কুমারকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, তদন্তে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে চার পুলিশকর্মীকে।

ঘটনাটি কোচির চেরানাল্লুর এলাকার। গত ২৫ অক্টোবর ভোরে দ্রুতগতির একটি মার্সিডিজ গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৫৫ বছরের জয়বালকৃষ্ণনের। তিনি একটি রাস্তার ধারের খাবারের দোকান চালাতেন। দুর্ঘটনার সময় স্কুটারে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, গাড়িটি চালাচ্ছিলেন এক অতিরিক্ত জেলা বিচারকের ১৭ বছরের ছেলে।

প্রথমে দুর্ঘটনার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার ধারা নিয়ে প্রশ্ন ওঠে। মৃতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে শুরুতে তুলনামূলক লঘু ধারায় মামলা করা হয়েছিল। এমনকী, তাকে থানার জামিনে ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। তাঁরা থানার সামনে বিক্ষোভ দেখিয়ে ন্যায়বিচারের দাবি জানান।

আরও খবর :  অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের!

বিতর্ক বাড়ার পর মামলায় অনিচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর অভিযোগের পরিবর্তে অপরাধমূলক নরহত্যা সংক্রান্ত ধারা যুক্ত করা হয়। অভিযুক্ত নাবালককে পরে ফের হেফাজতে নেওয়া হয়। যদিও পরে কিশোর বিচার বোর্ড তাকে জামিন দেয়। সেই জামিন বাতিলের আবেদন জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় চেরানাল্লুর থানার চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সাব-ইনস্পেক্টর বিশ্বজিৎ ভি এস, সার্কেল ইনস্পেক্টর শ্যাম কুমার কে এস, গ্রেড অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর মনোজ কে টি এবং সিনিয়র সিভিল পুলিশ অফিসার অরুণ জোশি।

কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা বিধানসভায় জানিয়েছেন, মামলাটি সামলানোর ক্ষেত্রে পুলিশের গুরুতর গাফিলতি ছিল। প্রাথমিক এফআইআরে অপরাধমূলক হত্যার ধারা যুক্ত না হওয়ায় তিনি পুলিশের শীর্ষ কর্তাদেরও ভর্ৎসনা করেছিলেন। ঘটনার তদন্তে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পি বিজয়ন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন। এদিকে, মৃতের পরিবার শুরু থেকেই নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছে। বিচারকের ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং পুলিশের প্রাথমিক পদক্ষেপ নিয়ে বিতর্কের মধ্যেই এবার কোচির পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

[youtube-feed feed=1]
Read More

Latest News