HomeBig newsরাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েল মল্লিকের, বিজেপিতে যোগের জল্পনা তুঙ্গে
Koel Mallick

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েল মল্লিকের, বিজেপিতে যোগের জল্পনা তুঙ্গে

এরপরই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের (C.P. Radhakrishnan) সঙ্গে সাক্ষাৎ করে তিনি নিজের ইস্তফাপত্র জমা দেন। এরপরই কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের (Bhupender Yadav) সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের একাধিক রাজ্যসভার সাংসদ পদত্যাগ করেছেন। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পর কোয়েল মল্লিকের ইস্তফায় রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ৯। জানা গিয়েছে, এর আগে তিনি ই-মেলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠালেও তা গ্রহণ করা হয়নি। উপরাষ্ট্রপতি তাঁকে সশরীরে হাজির হয়ে ইস্তফা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

আরও খবর : ভারতের বৃহত্তম পরমাণু কেন্দ্র কুদানকুলামের তথ্য গেল ডার্ক ওয়েবে!

গত ৬ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন কোয়েল মল্লিক। বিধানসভা নির্বাচনের আগে অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরই তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল। সাংসদ হওয়ার পর গোটা রাজ্যে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করলেও সংসদের কোনও অধিবেশনে তাঁকে অংশ নিতে দেখা যায়নি।

বৃহস্পতিবার ইস্তফা দেওয়ার পর ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল মল্লিকের বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা আরও জোরদার হয়েছে। তিনি কি বিজেপিতে যোগ দিয়ে ফের রাজ্যসভায় ফিরবেন, নাকি রাজনীতি থেকে সরে গিয়ে অভিনয়েই মন দেবেন—তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের।

[youtube-feed feed=1]
Read More

Latest News