জয়জ্যোতি ঘোষ
ওয়েব ডেস্ক : আগস্টের প্রথম সপ্তাহে হতে চলেছে বিসিসিআই- (BCCI) এর রিভিউ মিটিং। প্রশ্ন হচ্ছে এই মিটিংয়ের লক্ষ্য কী? কারা কারা থাকতে পারেন এই বৈঠকে? কোনও বড় পদক্ষেপ কি নিতে চলেছে বিসিসিআই?
বিসিসিআই (BCCI) এর সূত্র থেকে জানা যাচ্ছে রিভিউ মিটিংয়ে জানতে চাওয়া হবে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের খারাপ পারফরম্যান্সের কারণ কী? এটার পুনরাবৃত্তি যাতে না হয় তারজন্য কী কী করা উচিৎ?
ভারতীয় দলের দুই অধিনায়ক শুভমান গিল, শ্রেয়স আইয়ার, কোচ গম্ভীর ছাড়াও ভিভিএস লক্ষ্মণ, নির্বাচক প্রধান অজিত অগারকর এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া থাকতে পারেন এই বৈঠকে। জানিয়ে রাখা ভালো গৌতম গম্ভীরের চাকরি যাচ্ছে না। ২০২৭ পর্যন্ত ভারতীয় দলের কোচ থাকছেন তিনিই। তবে আগামী নিউজিল্যান্ড সফরে খানিকটা আগেই পাঠানো হতে পারে ভারতীয় দলকে। যাতে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা না হয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারের কারণ পরিবেশের সঙ্গে দ্রুত না মানিয়ে নেওয়াকেই মনে করা হচ্ছে। তাই সেই ভুল আর করতে চায় না বিসিসিআই। ভারতীয় দলকে নিউজিল্যান্ডে আগে পাঠানোর জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাও বলতে চলেছে বিসিসিআই(BCCI)।
আরও খবর : বিশ্বকাপ ফাইনালের পর ফের মুখোমুখি মেসি-ইয়ামাল?
এছাড়াও আলোচনা হতে পারে সাপোর্টিং স্টাফদের মেয়াদ নিয়ে। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশাখাতে এবং ফিল্ডিং কোচ টি দিলিপের মেয়াদ শেষ হচ্ছে এই জুলাইয়ে। বিশেষ সূত্রের খবর, রায়ান টেন দুশাখাতের মেয়াদ আর বাড়ানো হবে না। কারণ ব্যক্তিগত কারণে তিনি নিজেই আর মেয়াদ বাড়াতে চান না। তবে ফিল্ডিং কোচ টি দিলিপের মেয়াদ বাড়ানো হতে পারে। শেষ তিনটি আইসিসি ইভেন্টে তিনিই ছিলেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ। ভারতীয় ড্রেসিংরুমে ‘বেস্ট ফিল্ডার মেডেল’ তিনিই শুরু করেছিলেন।







