ওয়েব ডেস্ক : রাজ্যে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালুর প্রস্তুতি আরও জোরদার করতে প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি নির্দেশ দেন,পুজোর মধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্পের সমস্ত উপভোক্তার তথ্য যাচাই-বাছাই শেষ করে যোগ্যদের আয়ুষ্মান ভারতের আওতায় আনার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
নবান্নের (Nabanna) ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষকর্তারা। জানা যাচ্ছে, প্রকল্প বাস্তবায়নে আর দেরি না করে নির্দিষ্ট সময়সীমা বেঁধে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই একটি ‘ইমপ্লিমেন্টেশন ক্যালেন্ডার’ তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।
আরও খবর : মিড-ডে মিলে বাদ ডিম-মাছ! রাজ্যের সিদ্ধান্ত ঘিরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
বৈঠকে শুধু স্বাস্থ্য প্রকল্প নয়, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার উপরও জোর দেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পে অর্থ ব্যয়ের উপর কড়া নজরদারি, পরিষেবার দায়িত্বে থাকা আধিকারিকদের নাম ও ফোন নম্বর প্রকাশ্যে রাখা এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের আধিকারিকদের নিয়মিত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে বৈঠক করার কথাও বলা হয়েছে। যাতে কোনও সমস্যা বা অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছায় এবং দ্রুত তার সমাধান করা যায়। পাশাপাশি সমস্ত তথ্য ও উপভোক্তাদের ডেটাবেস স্বচ্ছ ও নির্ভুল রাখার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
প্রসঙ্গত, তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবর্তে রাজ্যে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। নতুন প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা সরকারি ও নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। তবে আয়ুষ্মান ভারত পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্প চালু থাকবে বলেই সরকার জানিয়েছে।
দেখুন অন্য খবর :







