ওয়েব ডেস্ক : প্রবল বৃষ্টিতে (Rain) ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলা জলমগ্ন। ডিভিসির জল ছাড়ার জেরে বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। বহু নিচু এলাকা এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে। এর মধ্যেই শুক্রবার দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার জন্মাষ্টমীর দিন পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে ইতিমধ্যেই জলমগ্ন নিচু এলাকাগুলিতে নতুন করে দুর্ভোগ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরও খবর : বাংলা ভাষা থেকে স্কুলের সিলেবাস, বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা শুভেন্দুর
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রেখে নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নের আশঙ্কাও থাকছে। শনিবারও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।







