HomeScrollশনিবার কলকাতায় ভারী বৃষ্টি! সতর্কতা দক্ষিণের ৬ জেলায়, কোথায় রবিবার-সোমবারও চলবে বৃষ্টি?
Weather Update

শনিবার কলকাতায় ভারী বৃষ্টি! সতর্কতা দক্ষিণের ৬ জেলায়, কোথায় রবিবার-সোমবারও চলবে বৃষ্টি?

শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে

কলকাতা: বর্ষা বিদায়ের সময় এগিয়ে এলেও এখনই স্বস্তি মিলছে না। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল এবং সক্রিয় বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবে আরও কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Forecast)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে (Weather Update)।

শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। অর্থাৎ সপ্তাহান্তে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকছে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আরও খবর : বইমেলার নতুন কমিটি গড়ল রাজ্য সরকার

শুধু শনিবার নয়, রবিবারও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলতে পারে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রবিবার এবং সোমবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে সোমবারের পর আপাতত ঝড়বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকায় আবহাওয়ার পরিস্থিতি আরও কিছুটা প্রতিকূল। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইছে। উত্তাল রয়েছে সমুদ্রও। তাই রবিবার এবং সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সতর্কতা। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হতে পারে। উত্তরের অন্যান্য জেলাতেও শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে শনিবারের পর উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।

[youtube-feed feed=1]
Read More

Latest News