কলকাতা: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে বড়সড় অভিযান চালিয়ে আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং পুরুলিয়া জেলা পুলিশ। জাতীয় সড়ক ১৮-র বেলকুড়ি টোল প্লাজার কাছে একটি ট্রাক আটক করে তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। ট্রাকের চালকের আসনের পিছনে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। ঘটনায় মোট সাত জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রের দাবি, ট্রাকটি ওড়িশা থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। নজরদারির সময় দেখা যায়, ট্রাকটির নিরাপত্তায় সামনে-পিছনে দুটি এসকর্ট গাড়িও চলছিল। সন্দেহ হওয়ায় ওই গাড়ি দুটিকেও আটক করা হয়। ট্রাক ও দুই এসকর্ট গাড়ি মিলিয়ে মোট সাত জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তদন্তকারীদের অনুমান, ধৃতদের জেরা করে মাদক পাচারচক্রের আরও সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
আরও পড়ুন: দিঘার কাছেই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আজ সারাদিন বৃষ্টির দাপট কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!
এই অভিযানের পর রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, আন্তঃরাজ্য মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। বিশেষ করে যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযানের উপর জোর দেওয়া হচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, উদ্ধার হওয়া মাদকের চালান কোথা থেকে এসেছিল এবং তার চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল।
সফল অভিযানের পর কলকাতা পুলিশের STF এবং পুরুলিয়া জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করা হয়েছে। পুলিশকর্তাদের বক্তব্য, পরিকল্পিত নজরদারি, দ্রুত পদক্ষেপ এবং দুই বাহিনীর সমন্বিত অভিযানের ফলেই এই বড় মাদক পাচারচক্রের হদিস মিলেছে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।







