কলকাতা: কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে (Kolkata National Library) দেশের প্রথম ভাষা-ভিত্তিক জাদুঘর ‘শব্দলোক’-এর উদ্বোধন করে বাংলা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘ভারতকে পাঁচ দশক এগিয়ে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলা।’’ পাশাপাশি ভাষার গুরুত্ব তুলে ধরে তাঁর বক্তব্য, মানুষ ভাষাকে তৈরি করে না, বরং ভাষাই মানুষকে গড়ে তোলে।
অমিত শাহ বলেন, কোনও দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সভ্যতার প্রকাশ ভাষাকে বাদ দিয়ে সম্ভব নয়। ভাষার মধ্য দিয়েই সংস্কৃতির জন্ম ও বিকাশ ঘটে। তাই মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষার ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। তাঁর কথায়, ভাষা ছাড়া সংস্কৃতি কখনও সম্পূর্ণ হতে পারে না।
আরও পড়ুন: যৌথ পরিবারের রেশন কার্ড বাতিলে ক্ষোভ ডিলারদের, খাদ্যসচিবের হস্তক্ষেপ চেয়ে চিঠি
বাংলার অবদানের প্রসঙ্গ টেনে শাহ স্মরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তিনি বলেন, রবীন্দ্রনাথের জন্মভূমি বাংলা ভারতের সাংস্কৃতিক ইতিহাসে অনন্য। একই সঙ্গে তাঁর মন্তব্য, ঋষি অরবিন্দকে না পড়ে ভারতকে সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়। এ ছাড়াও তিনি দাবি করেন, বর্তমান বাংলার পরিস্থিতির উপর কেন্দ্রীয় সরকার নজর রাখছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাংস্কৃতিক পুনরুদ্ধারের উদ্যোগেরও প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, ভারতের সংস্কৃতি বহুত্ববাদী ও উদার। কোনও মতাদর্শের উপর নিয়ন্ত্রণ বা সংকীর্ণতার স্থান ভারতীয় সংস্কৃতিতে নেই। ‘শব্দলোক’ সেই ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ন্যাশনাল লাইব্রেরিতে গড়ে ওঠা এই ভাষা জাদুঘরের প্রথম পর্যায়ে ৯টি গ্যালারি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। ভারতের স্বীকৃত ২২টি ভাষার ইতিহাস, ধ্বনির বিবর্তন, শব্দের পরিবর্তন, অডিও-ভিজুয়াল প্রদর্শনী, ডিজিটাল ডিসপ্লে এবং ইন্টারঅ্যাকটিভ প্রযুক্তির মাধ্যমে ভাষার বিবর্তনের বিস্তৃত উপস্থাপনা এই জাদুঘরের অন্যতম আকর্ষণ।






