ওয়েব ডেস্ক : সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তির মুখে পড়তে পারেন কলকাতা ও সংলগ্ন এলাকার যাত্রীরা। ভাড়া পুনর্নির্ধারণ-সহ ১১ দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার অ্যাপ ক্যাব (App Cab) ধর্মঘটের ডাক দিয়েছে সিটু-সমর্থিত অ্যাপ ক্যাব চালকদের সংগঠন। ধর্মঘট চলাকালীন ওলা, উবের-সহ বিভিন্ন অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা উল্লেখযোগ্যভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা।
সোমবার সকাল ১১টায় মৌলালি রামলীলা পার্কে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল করে পরিবহণ দফতরে যাওয়ার কর্মসূচিও রয়েছে। সংগঠনের দাবি, আগের সরকারের সময়েও একই দাবিগুলি জানানো হয়েছিল। বর্তমান সরকারের কাছেও সেই দাবিপত্র জমা দেওয়া হয়েছে। প্রশাসন ডেপুটেশন গ্রহণ করলে তা জমা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরও খবর : ধর্মতলার ঘটনায় গ্রেফতারদের নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
বিজ্ঞপ্তিতে ১১টি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজেলের দাম কমানো, অ্যাপে প্রাইভেট নম্বরের গাড়ি চালানো বন্ধ করা, কলকাতায় CNG-র সংকট দূর করা, বাণিজ্যিক গাড়ির জন্য পেট্রোল পাম্পে অগ্রাধিকার নিশ্চিত করা, দূষণ পরীক্ষায় আধার-সংক্রান্ত জটিলতা দূর করা, পুলিশি হয়রানি ও অযৌক্তিক জরিমানা বন্ধ, VLT-র সমস্যা সমাধান, বাণিজ্যিক গাড়ির দূষণ পরীক্ষায় ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহারের নিয়ম পরিবর্তন, এসি লাক্সারি ক্যাবের ভাড়া বৃদ্ধি, মহিলা চালকদের জন্য সহজ শর্তে ঋণ ও রোটেশনভিত্তিক গাড়ি ব্যবহারের সুযোগ এবং বাণিজ্যিক গাড়ির জন্য ২৪ ঘণ্টা CNG সরবরাহ নিশ্চিত করা।
বর্তমানে কলকাতায় প্রতিদিনের যাতায়াতের ক্ষেত্রে বিপুল সংখ্যক মানুষ অ্যাপ ক্যাবের (App Cab) উপর নির্ভরশীল। ফলে ধর্মঘট সফল হলে অফিসযাত্রী, বিমানবন্দরগামী যাত্রী এবং সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দেখুন অন্য খবর :







