ওয়েব ডেস্ক : ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে আরও এক বড় পদক্ষেপ। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসই-র (Garden Reach Shipbuilders)তৈরি নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল বা এনজিওপিভি সিরিজের দ্বিতীয় যুদ্ধজাহাজ ‘শ্রুতি’(Shruti)-কে জলে নামানো হল। ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই তৈরি হয়েছে এই অত্যাধুনিক রণতরী।
প্রথম যুদ্ধজাহাজ ‘সংঘমিত্রা’ জলে নামার তিন মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় জাহাজটির নির্মাণ সম্পন্ন হওয়ায় জিআরএসই-র জাহাজ নির্মাণ সক্ষমতাও নতুন নজির তৈরি করেছে। নৌবাহিনীর চিফ অব ওয়ারশিপ প্রোডাকশন অ্যান্ড অ্যাকুইজিশন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধুর উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণ ও সনাতন রীতি মেনে ‘শ্রুতি’র উদ্বোধন হয়। চার বেদ এবং ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই জাহাজটির এই নামকরণ করা হয়েছে।
আরও খবর : টাটা সন্সে বড় বদল, চেয়ারম্যান পদে আর থাকছেন না নটরাজন চন্দ্রশেখরন
প্রায় ১১৩ মিটার লম্বা এবং ১৪.৬ মিটার চওড়া এই যুদ্ধজাহাজের ডিসপ্লেসমেন্ট প্রায় ৩ হাজার টন। সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩ নট এবং ১৪ নট গতিতে একটানা প্রায় ৮ হাজার নটিক্যাল মাইল পাড়ি দিতে পারে এটি। উপকূলীয় নিরাপত্তা, জলদস্যু দমন, অনুপ্রবেশ রোধ, উদ্ধার অভিযান এবং দুর্যোগ মোকাবিলার মতো একাধিক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে ‘শ্রুতি (Shruti)’কে। প্রয়োজনে হাসপাতাল জাহাজ বা নৌবহরের সহায়ক জাহাজ হিসেবেও কাজে লাগানো সম্ভব।
আধুনিক অস্ত্র ও সেন্সর ব্যবস্থায় সজ্জিত এই এনজিওপিভিতে রয়েছে সুপার র্যাপিড গান মাউন্ট, একে-৬৩০, স্টেবিলাইজড রিমোট কন্ট্রোল গান এবং লিঙ্কস ইউ টু সিস্টেম। পাশাপাশি উন্নত টর্পেডো ডিফেন্স সিস্টেম এবং ইএসএম বরুণা-সহ একাধিক আধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে। হেলিকপ্টার পরিচালনার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থাও। জিআরএসই কর্তৃপক্ষের দাবি, দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি এই যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নজরদারি এবং প্রতিরক্ষা সক্ষমতায় গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে।







