ওয়েব ডেস্ক : তারাপীঠে (Tarapith) হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের তারাপীঠে গিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি পুণ্যার্থী ও পর্যটকদের জন্য একাধিক নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি।
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, ওই হোটেলের এক্সিট গেটে তালা দেওয়া ছিল। এমন পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসন ও পুলিশকে এ ধরনের অনিয়ম বন্ধ করার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, তারাপীঠে কোনও ধরনের ‘ব্যাড প্র্যাকটিস’ আর বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী জানান, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে তারাপীঠে বড় আকারের সরকারি টুরিস্ট লজ তৈরি করা হবে। কম খরচে যাতে পুণ্যার্থী ও পর্যটকরা থাকতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও খবর : ছেলে বাংলাদেশে চলে যাওয়ার পর ৩৫ বছর ভাত ছুঁয়েও দেখেননি, চা-পানেই দিব্যি ‘সুস্থ’ বালুরঘাটের নন্দরানি
কৌশিকী অমাবস্যাকে সামনে রেখেও একাধিক সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। তারাপীঠকে নতুনভাবে সাজানোর পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপত্তায় পাঁচ কিলোমিটার অন্তর পুলিশের ক্যাম্প তৈরির পরিকল্পনা রয়েছে। জলছত্র ও ORS-এর ব্যবস্থাও থাকবে। এছাড়া তারকেশ্বরের ধাঁচে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুষ্পবৃষ্টির আয়োজন করা হবে বলে জানান তিনি। এই উন্নয়নমূলক কাজের জন্য রাজ্যের তরফে ৫ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করা হয়েছে।
শুধু নিরাপত্তা বা পরিকাঠামো নয়, তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটির কাজ নিয়েও কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির অভিযোগের তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি। পুজোর আগেই তারাপীঠের রাস্তা সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রার কথাও জানান মুখ্যমন্ত্রী।







