HomeBig newsপশ্চিমবঙ্গে করমুক্ত ‘রামায়ণ’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Ramayana

পশ্চিমবঙ্গে করমুক্ত ‘রামায়ণ’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নবমীর রাতে কলকাতায় রণবীর কপূর ও যশ, দশেরার অনুষ্ঠানে ‘রামায়ণ’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ (Ramayana) ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তার মধ্যেই ছবিটি নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে করমুক্ত করা হল রণবীর কপূর ও যশ অভিনীত এই ছবি। মঙ্গলবার কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে দশেরার অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘রামায়ণ’-এর কলাকুশলীরাও।

ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। দু’টি পর্বে মুক্তি পাওয়ার কথা এই ছবির। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো ছবির ক্ষেত্রেও করমুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা হবে। ‘রামায়ণ’-এর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও খবর :  কাব্য-অনিরুদ্ধর সম্পর্কে সিলমোহর! ২১ নভেম্বর বিয়ে করছেন তাঁরা

ভারতীয় পুরাণ ও মহাকাব্যকে কেন্দ্র করে আগামী দিনে আরও ছবি তৈরি হবে বলেও আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ভবিষ্যতে শ্রীকৃষ্ণ, অর্জুন এবং মহাভারতকে নিয়েও ছবি তৈরি হতে পারে।

কলকাতায় দশেরার অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রণবীর কপূরও। দশেরার বার্তা দিতে গিয়ে অভিনেতা বলেন, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও ভালরই জয় হয়। সকলকে সত্যের পথে চলার বার্তা দিয়ে ‘রামায়ণ’-এর কলাকুশলীদের তরফে দশেরার শুভেচ্ছা জানান তিনি।

অন্যদিকে, কলকাতার সঙ্গে পুরনো স্মৃতি ভাগ করে নেন যশ। রাবণের চরিত্রে অভিনয় করা এই দক্ষিণী তারকা জানান, ২০০৪ বা ২০০৫ সালে ট্রেনে করে কলকাতায় এসেছিলেন তিনি। এই শহরেই তাঁর নাটকের সফর শুরু হয়েছিল। কলকাতার মিষ্টির স্মৃতিও এখনও তাঁর মনে রয়েছে বলে জানান অভিনেতা। চলতি বছরের ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ’-এর প্রথম পর্ব। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে ছবিটি। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।

[youtube-feed feed=1]
Read More

Latest News