ওয়েব ডেস্ক : ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে সাইবার হানার আশঙ্কা। ডার্ক ওয়েবে পাওয়া তথ্যের মধ্যে ব্যাঙ্কের ৩,৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য থাকার অভিযোগ উঠেছে। মঙ্গলবার, ২১ অক্টোবর, শেয়ারবাজারে জমা দেওয়া নথিতে এই ঘটনার কথা জানিয়েছে এসবিআই। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ব্যাঙ্কের প্রাথমিক পরীক্ষায় ডার্ক ওয়েবে পাওয়া প্রায় ৩.৭৫ লক্ষ রেকর্ড খতিয়ে দেখা হয়। তার মধ্যে ৩,৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের নাম, লিঙ্গ, নথিভুক্ত মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেল ঠিকানা এবং বসবাসের ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ।
এসবিআই জানিয়েছে, ১৬ অক্টোবর তাদের কাছে সতর্কবার্তা আসে। এরপরই সাইবার নিরাপত্তা সংক্রান্ত জরুরি পদক্ষেপ করে ব্যাঙ্ক। তদন্তের জন্য সার্ট-ইন অনুমোদিত একটি স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকেও নিয়োগ করা হয়েছে।
আরও খবর : জিও-র আইপিওতে বিপুল সাড়া! ব্ল্যাকরক, ফিডেলিটি-সহ তালিকায় কারা?
তবে এই ঘটনায় ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্মে কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছে এসবিআই। ব্যাঙ্কের মূল পরিষেবা স্বাভাবিক রয়েছে। ফাঁস হওয়া তথ্যের সত্যতা, সম্পূর্ণতা এবং তার সম্ভাব্য উৎস খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ব্যাঙ্কের তথ্য ভাণ্ডারে প্রবেশ করে গ্রাহকদের কেওয়াইসি (নো ইয়োর কাস্টমার) তথ্য হাতিয়ে নিয়ে থাকতে পারে সাইবার অপরাধীরা। সেগুলিকে হাতিয়ার করে ভয় দেখিয়ে গ্রাহকদের থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়া হতে পারে বলেও মনে করছেন তাঁরা।







