ওয়েব ডেস্ক : জিও-র আইপিও (JIO IPO) ঘিরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিপুল সাড়া। ৮ হাজার ১১০ কোটি টাকার অ্যাঙ্কর বুকের জন্য চাহিদা ছাড়িয়েছে আড়াই লক্ষ কোটি টাকা। অর্থাৎ, উপলব্ধ শেয়ারের তুলনায় চাহিদা ৩০ গুণেরও বেশি। বিশ্বের বৃহত্তম সম্পদ পরিচালনাকারী সংস্থাগুলির মধ্যে কয়েকটি, একাধিক সার্বভৌম সম্পদ তহবিল, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ভারতের প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান এই আইপিওতে অংশ নিয়েছে।
আন্তর্জাতিক সম্পদ পরিচালনাকারী সংস্থাগুলির মধ্যে রয়েছে ব্ল্যাকরক, ক্যাপিটাল গ্রুপ, ফিডেলিটি, টি. রো প্রাইস, শ্রোডার্স, জেপি মরগ্যান অ্যাসেট ম্যানেজমেন্ট, ফ্র্যাঙ্কলিন টেম্পলটন, ইনভেসকো এবং জানুস হেন্ডারসন। সার্বভৌম সম্পদ তহবিলের মধ্যে রয়েছে সিঙ্গাপুরের জিআইসি, আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, কাতার ইনভেস্টমেন্ট অথরিটি এবং নরজেস ব্যাঙ্ক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। এদিকে আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটির হাতে আইপিও-পূর্ববর্তী সময়ে জিও প্ল্যাটফর্মসের ১.১৬ শতাংশ শেয়ার ছিল।
আরও খবর : গোয়ায় সিজেপির বিক্ষোভ ঘিরে আইনি পদক্ষেপ, ৩০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
ভারতের প্রথম সারির ১০টি মিউচুয়াল ফান্ডও এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগে অংশ নিয়েছে। তাদের মধ্যে রয়েছে এসবিআই মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ড, নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড এবং কোটাক মিউচুয়াল ফান্ড। পাশাপাশি অংশ নিয়েছে এলআইসি, এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, এসবিআই পেনশন, এইচডিএফসি পেনশন এবং আইসিআইসিআই প্রুডেনশিয়ালের মতো বিমা ও পেনশন সংস্থা।
জিও প্ল্যাটফর্মসের আইপিও-র মোট আকার ৩০ হাজার ২১৩ কোটি টাকা। শেয়ারপ্রতি দাম ১ হাজার ৬৫ টাকা থেকে ১ হাজার ১১৯ টাকা। আইপিও খুলবে ২১ অক্টোবর এবং বন্ধ হবে ২৩ অক্টোবর। ২৮ অক্টোবর তালিকাভুক্তির সম্ভাব্য দিন। আইপিও থেকে পাওয়া ২৭ হাজার ৫০০ কোটি টাকা রিলায়্যান্স জিও ইনফোকমের ঋণ আগাম পরিশোধে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত জিও-র গ্রাহক সংখ্যা ছিল ৫৩ কোটি ৩৩ লক্ষ। ২০২৫-২৬ অর্থবর্ষে সংস্থার পরিচালন আয় হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৮৮৫ কোটি টাকা এবং কর-পরবর্তী মুনাফা প্রায় ৩০ হাজার ৪৯ কোটি টাকা। ফাইভ-জি, ব্রডব্যান্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড পরিষেবাতেও সংস্থার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।







