ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja) শেষ পর্বে প্রতিমা বিসর্জন ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগেভাগেই প্রস্তুতি সেরে রেখেছে কলকাতা পুলিশ ও পুরসভা। গঙ্গার ঘাটে ভিড় সামলানো, জলে দুর্ঘটনা এড়ানো এবং বিসর্জনের পর দ্রুত আবর্জনা পরিষ্কার, সব দিকেই নজর দেওয়া হচ্ছে। শহরের বড় ঘাটগুলির পাশাপাশি ছোট পুজো এবং বাড়ির প্রতিমা বিসর্জনের ব্যবস্থাকেও গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
নিরাপত্তার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে শহরের বিভিন্ন এলাকায়। কলকাতার ২৮টি গঙ্গার ঘাট, আদিগঙ্গার পাঁচটি ঘাট এবং ৩৪টি জলাশয় ও সরোবরে পুলিশ মোতায়েন রয়েছে। বিসর্জনের সময় যান চলাচল ও ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রায় ২০০টি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ও এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
বিসর্জনের জন্য বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে খিদিরপুরের দহিঘাট, বাবুঘাট, আহিরীটোলা, কুমোরটুলি ও বাজাকদমতলা ঘাট। বাজাকদমতলা, নিমতলা এবং জাজেস ঘাটে প্রতিমা বিসর্জনের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় সেখানে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। কলকাতা পুরসভাও ঘাটগুলিতে পৃথক দল তৈরি করেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাঁদের নজরদারি চলবে।
আরও খবর : চোরবাগান কাণ্ডের পর বিসর্জনে বাড়তি নজরদারি, কলকাতার দায়িত্বে ১২ আইপিএস
জলে দুর্ঘটনা মোকাবিলায় থাকছে ২৫টি লাইফ-সেভিং নৌকা। পুলিশকর্মীদের পাশাপাশি ওই নৌকাগুলিতে থাকবেন দক্ষ মাঝি ও উদ্ধারকর্মীরা। নিমতলা, বাজাকদমতলা, গোয়ালিয়র ঘাট ও গার্ডেনরিচে চারটি যন্ত্রচালিত নৌকা টহল দেবে। দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য নৌকাগুলিতে দড়ি ও হুক রাখা হয়েছে। এই চারটি ঘাটে সাঁতারে দক্ষ বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদেরও প্রস্তুত রাখা হচ্ছে।
শুধু গঙ্গার ঘাট নয়, শহরের অন্তত ৩০টি ঘাট ও জলাশয়ে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা দায়িত্ব পালন করবেন। বিসর্জনের সময় কেউ জলে বিপদে পড়লে যাতে দ্রুত উদ্ধার করা যায়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।
এদিকে, ছোট বারোয়ারি পুজো কিংবা বাড়ির প্রতিমা বিসর্জনের ক্ষেত্রেও নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিষয়ে নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। স্থানীয় পুকুর ও জলাশয়ে বিসর্জনের সময় যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। ঘাটগুলিতে রাখা হয়েছে ডাস্টবিন। দশমী থেকেই পুরসভার সাফাইকর্মীরা কাজে নেমেছেন। বিসর্জনের পর জমে থাকা আবর্জনা সরিয়ে ঘাট পরিষ্কার রাখার দায়িত্বও তাঁদের উপর।







