ওয়েব ডেস্ক : ব্যাট হাতে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁর দুরন্ত ১৭৯ রানের ইনিংস শুধু দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেনি, ভেঙে দিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ অ্যাজহারউদ্দিনের দীর্ঘদিনের রেকর্ডও। মঙ্গলবার গকেবেরহায় এই কীর্তি গড়ে টেস্ট ক্রিকেটের (Test cricket) ইতিহাসে নিজের নাম তুলে নিলেন বাভুমা।
বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ধস নামান অস্ট্রেলিয়ার বোলার স্কট বোল্যান্ড। দলের প্রথম সারির ব্যাটাররা দ্রুত ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় প্রোটিয়ারা। সেই পরিস্থিতিতে হাল ধরেন বাভুমা। রায়ান রিকেলটন, মার্কো ইয়ানসেন এবং সাইমন হারমারের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান তিনি। শেষ পর্যন্ত তাঁর ১৭৯ রানের ইনিংসের সৌজন্যে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা (South Africa)।
আরও খবর : টি-টোয়েন্টি দলে এখনই সুযোগ নয় বৈভব সূর্যবংশীর, কী জানালেন শ্রেয়স আইয়ার?
এই ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দেড়শো বা তার বেশি রান করা সবচেয়ে বেশি বয়সি অধিনায়ক হলেন বাভুমা। বয়স তখন ৩৬ বছর ১৫৪ দিন। এর আগে এই রেকর্ড ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ অ্যাজহারউদ্দিনের দখলে। ১৯৯৮ সালে কলকাতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬৩ রান করেছিলেন অ্যাজহারউদ্দিন। প্রায় ২৮ বছর পর সেই নজির ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ইনিংসে দেড়শো বা তার বেশি রান করা সবচেয়ে বেশি বয়সি অধিনায়কদের তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন বাভুমা। এই তালিকায় তাঁর আগে ছিলেন অস্ট্রেলিয়ার আর্থার লিন্ডসে হ্যাসেট। ১৯৫০ সালে গকেবেরহাতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬৭ রান করেছিলেন তিনি। সেই ঘটনার ৭৬ বছর পর একই মাঠে নতুন নজির গড়লেন বাভুমা।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের তালিকাতেও বাভুমার ১৭৯ রান বিশেষ জায়গা করে নিয়েছে। তাঁর আগে রয়েছেন হাশিম আমলার ২০৮ ও ২০১ রান এবং গ্রেম স্মিথের ১৮৩ রানের ইনিংস। ফলে বাভুমার এই পারফরম্যান্স শুধু ব্যক্তিগত রেকর্ড নয়, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসেও তাৎপর্যপূর্ণ হয়ে থাকল।







