ওয়েব ডেস্ক : মুম্বইয়ের (Mumbai) কলেজ হস্টেল থেকে উদ্ধার হল দ্বিতীয় বর্ষের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ। মৃতের নাম সিদ্ধেশ পাতিল। তিনি মাতুঙ্গার ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজির পড়ুয়া ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ হস্টেলের ঘর থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, নাসিকের বাসিন্দা সিদ্ধেশ ওই বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতেন। কয়েক দিন ধরে তাঁর মানসিক স্বাস্থ্যের সমস্যা চলছিল বলে জানা গিয়েছে। অবসাদের চিকিৎসাও চলছিল তাঁর। ঘটনার আগে নিজের চিকিৎসককে বার্তা পাঠিয়ে মানসিক অস্থিরতা এবং আত্মহত্যার চিন্তার কথা জানিয়েছিলেন বলে সূত্রের খবর।
আরও খবর : দূষণে হাঁসফাঁস দিল্লি, বায়ুর মান খারাপ হতেই জারি প্রথম দফার বিধিনিষেধ
বার্তা পাওয়ার পর চিকিৎসক সিদ্ধেশের পরিবারকে বিষয়টি জানান। পরিবারের সদস্যরা দ্রুত হস্টেলে থাকা তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই দেরি হয়ে যায়। এই ঘটনায় মাতুঙ্গা থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কী পরিস্থিতিতে এই মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, কয়েক মাস আগে মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষের পড়ুয়া সাহিল ওয়াকোড়ের মৃত্যুর ঘটনাও সামনে এসেছিল। সেপ্টেম্বরে পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে তাঁকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল বলে জানা যায়। তাঁর মৃত্যুর পর ক্যাম্পাসে পড়ুয়াদের প্রতিবাদও হয়। গত ছ’মাসে আইআইটি বম্বে ক্যাম্পাসে এটি তৃতীয় আত্মহত্যার ঘটনা বলে সেই সময় রিপোর্ট প্রকাশিত হয়েছিল।







