ওয়েব ডেস্ক : পর্দায় রামচন্দ্রের ভূমিকায় রণবীর কাপুর। সেই চরিত্রকে বড় পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। আর ছবি মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিং ঘিরে বাড়ছে আলোচনা। পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: দ্য রাইজ অফ আ লেজেন্ড’ (Ramayana) ছবিকে ঘিরে টিকিটের চাহিদা এবং দাম দু’টিই এখন চর্চার কেন্দ্রে। মুম্বইয়ের কয়েকটি প্রিমিয়াম আসনের টিকিটের দাম ২৭৭০ টাকা পর্যন্ত বলে খবর।
মঙ্গলবার থেকে ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়। জানা যাচ্ছে, বুধবার দুপুর ২টো পর্যন্ত ১০৪টি শহরে ছবির অগ্রিম বুকিং চলছিল। কর্পোরেট বুকিং বাদে টিকিট বিক্রির অঙ্ক ছিল ৩.৬১ কোটি টাকা। সব মিলিয়ে অগ্রিম আয় ৫.৪৪ কোটি টাকা ছাড়িয়েছে বলে খবর।
শহরভিত্তিক হিসাবেও নজর কেড়েছে দিল্লি-এনসিআর। সেখানে প্রায় ২০ হাজার টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১.৫২ কোটি টাকা। মুম্বইয়ে প্রায় ১৬ হাজার টিকিট বিক্রি করে আয় হয়েছে ১.১০ কোটি টাকা। পুণে, কলকাতা ও বেঙ্গালুরুতেও টিকিটের চাহিদা রয়েছে। ভাষাভিত্তিক বুকিংয়ের ক্ষেত্রে হিন্দি সংস্করণ এগিয়ে। এই সংস্করণ থেকে অগ্রিম আয় প্রায় ৫.১৫ কোটি টাকা বলে জানা গিয়েছে।
আরও খবর : প্রয়াত আলিয়া ভাটের ‘ডার্লিংস’ ছবির সহ-অভিনেত্রী!
কলকাতার মাল্টিপ্লেক্সগুলিতেও টিকিটের দাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। বুক মাই শো-তে, শহরের কয়েকটি প্রেক্ষাগৃহে সর্বোচ্চ টিকিটের দাম ১২৯০ থেকে ১৫৩০ টাকার মধ্যে। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে কোথাও ভোরের শো, কোথাও আবার রাতের দিকে অতিরিক্ত শো রাখার কথাও জানানো হয়েছে।
আগামী ৫ নভেম্বর বহু প্রতীক্ষিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে অগ্রিম বুকিংয়ের আয়, টিকিটের দাম ও শোয়ের সময় প্রেক্ষাগৃহভেদে বদলাতে পারে।







