HomeScrollসৌদি আরবের ডাম্মাম বিমানবন্দরে হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত আরও দুই
Saudi Arabia's

সৌদি আরবের ডাম্মাম বিমানবন্দরে হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত আরও দুই

সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার খবর পাওয়ার পর নিহতের পরিবার এবং আহতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে দূতাবাস। কীভাবে এই হামলা হল এবং কারা এর নেপথ্যে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ওয়েব ডেস্ক : সৌদি আরবের (Saudi Arabia’s) ডাম্মাম বিমানবন্দরে হামলায় মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের। আহত হয়েছেন আরও দুই ভারতীয়। বুধবার রাতে এই হামলার কথা জানিয়েছে রিয়াধের ভারতীয় দূতাবাস। সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার খবর পাওয়ার পর নিহতের পরিবার এবং আহতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে দূতাবাস। কীভাবে এই হামলা হল এবং কারা এর নেপথ্যে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ডাম্মাম বিমানবন্দরে হামলার ঠিক এক দিন আগেই সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় আহত হয়েছিলেন আরও এক ভারতীয় নাগরিক। সৌদি আরবের জ্বালানি মন্ত্রকের দাবি, ওই তেলক্ষেত্রকে লক্ষ্য করে আসা ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো হয়। তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক ফিলিপিনো ও এক নেপালি নাগরিকের মৃত্যু হয়। আহত হন এক ভারতীয় ও এক পাকিস্তানি নাগরিক। ঘটনায় একটি ঠিকাদারি সংস্থার গাড়িতে আগুন লাগলেও তেলক্ষেত্রের কাজকর্মে কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

আরও খবর :  ফেসবুক থেকে মেটার মদতেই ফাঁস ব্যক্তিগত তথ্য! জুকারবার্গের সংস্থাকে ২,৩৬,০০০ কোটি টাকা জরিমানা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, জ্বালানি কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের বিরুদ্ধে অভিযান চালালেও ডাম্মাম বিমানবন্দর ও শায়বাহ তেলক্ষেত্রে সাম্প্রতিক হামলার জন্য কারা দায়ী, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি সৌদি প্রশাসন। এর আগে রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েক জন আহত হয়েছিলেন। এই পরিস্থিতিতে সৌদি আরবে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

রিয়াধের ভারতীয় দূতাবাস জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সৌদি আরবে থাকা ভারতীয়দের সতর্ক থাকতে, স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে এবং আকাশপথে হামলার সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য কিংবা হামলার স্থান থেকে ছবি ও ভিডিয়ো তোলা বা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও সতর্ক করেছে দূতাবাস। উল্লেখ্য, সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন প্রায় ২৭ লক্ষ ৪০ হাজার ভারতীয় নাগরিক।

[youtube-feed feed=1]
Read More

Latest News