ওয়েব ডেস্ক : ফেসবুক (Facebook) ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কি আদৌ সুরক্ষিত? এই প্রশ্ন ঘিরেই ফের বিতর্কের কেন্দ্রে মার্ক জুকারবার্গের সংস্থা মেটা (Meta)। আমেরিকার নিউ মেক্সিকোর আদালত ফেসবুকের তথ্য সুরক্ষা সংক্রান্ত মামলায় মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লক্ষ ৩৬ হাজার কোটি টাকা। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগেই এই বিপুল জরিমানার নির্দেশ।
মামলার মূল অভিযোগ, ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ করা হচ্ছে, কারা সেই তথ্যে প্রবেশ করতে পারছে এবং তথ্যের সুরক্ষায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে সংস্থা যথাযথ স্বচ্ছতা বজায় রাখেনি। নিউ মেক্সিকোর কর্তৃপক্ষের দাবি, ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা নিয়ে মেটার বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অসঙ্গতি ছিল। এই মামলায় জুরি বোর্ড মেটাকে রাজ্যের ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য দায়ী করে।
আরও খবর : মিলানে হিংসাত্মক বিক্ষোভের জের, নিরাপত্তা জোরদারে আরও ৫০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইতালির
এই মামলার সূত্রপাত প্রায় আট বছর আগের কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি থেকে। ২০১৮ সালে প্রকাশ্যে আসে, ফেসবুকের একটি তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে প্রায় ৮ কোটি ৭০ লক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছিল। পরে সেই তথ্য রাজনৈতিক প্রচার এবং নির্দিষ্ট ব্যবহারকারীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহৃত হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনা বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দেয়।
আদালতের হিসাব অনুযায়ী, প্রতিটি আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ জরিমানা ধরলে সম্ভাব্য অঙ্ক ২০০ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারত। তবে শেষ পর্যন্ত জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয় ২৫ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৩৬ হাজার কোটি টাকা। এই অর্থ রাজ্যের শিক্ষা খাতে ব্যবহার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।তবে আদালতের এই নির্দেশ মেনে নিতে নারাজ মেটা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।







