ওয়েব ডেস্ক : সরকারি প্রকল্পের টাকা পাঠানোর নিয়মে বড় বদল আসতে পারে। উপভোক্তাদের অর্থ প্রদানের ক্ষেত্রে আধার কার্ডের বদলে বায়োমেট্রিক তথ্য ও ভোটার কার্ডের নম্বর ব্যবহারের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং (Lalan Singh)। তাঁর বক্তব্য, ভবিষ্যতে উপভোক্তাদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে এই দুই তথ্যকে গুরুত্ব দেওয়া হতে পারে।
গত শুক্রবার জাতীয় কর্মশালায় বক্তব্য রাখেন লালন সিং। ‘পিপলস প্ল্যান ক্যাম্পেন ২০২৬-২৭’ উপলক্ষে এই কর্মশালার আয়োজন করেছিল কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক। সেখানেই আধার-ভিত্তিক অর্থ প্রদানের ব্যবস্থা নিয়ে মন্তব্য করেন তিনি। মন্ত্রীর দাবি, বর্তমানে খুব সহজেই আধার কার্ড তৈরি করা সম্ভব। তাই উপভোক্তাদের টাকা পাঠানোর ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা প্রয়োজন।
লালন সিং জানান, বায়োমেট্রিক তথ্যের পাশাপাশি ভোটার কার্ডের ইপিআইসি নম্বর ব্যবহার করা হতে পারে। তবে কোন কোন সরকারি প্রকল্পে এই নিয়ম কার্যকর হবে, তা স্পষ্ট করেননি তিনি। কবে থেকে নতুন ব্যবস্থা চালু হবে, সেই বিষয়েও কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
আরও খবর : ট্রাকের চাকায় পিষে পুলিশ আধিকারিককে খুন, হেফাজত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ দুই অভিযুক্ত
এ দিন স্বনির্ভর গ্রাম পঞ্চায়েত গড়ার উপরেও জোর দেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, পঞ্চায়েতগুলিকে নিজেদের আয় বাড়াতে হবে। নিজস্ব রাজস্ব সংগ্রহের পরিমাণ বাড়লে কর্মদক্ষতার ভিত্তিতে অনুদান পাওয়ার সুযোগও বাড়বে। এই কাজে প্রশাসনের পাশাপাশি সব পক্ষের অংশগ্রহণ প্রয়োজন।
উল্লেখ্য, কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অধীনে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কোনও প্রকল্প নেই। তবে মন্ত্রীর দায়িত্বে থাকা মৎস্য ও পশুপালন দফতরের কয়েকটি প্রকল্পে আধার বাধ্যতামূলক। জাতীয় পশুধন মিশনের উদ্যোগপতি উন্নয়ন কর্মসূচিতেও আধার যাচাইয়ের নিয়ম রয়েছে। এ ছাড়া পিএম-কিসান, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প এবং সামাজিক সুরক্ষা পেনশনের মতো একাধিক প্রকল্পে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। ফলে নতুন নিয়ম চালু হলে কোন প্রকল্পে কী পরিবর্তন আসবে, সেটাই দেখার বিষয়।







