ওয়েব ডেস্ক : বায়ুদূষণের (Air Pollution) ভয়াবহ ছবি সামনে এল পাঞ্জাবের ভাটিন্ডায় (Bathinda)। বৃহস্পতিবার শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বায়ুমান সূচক পৌঁছে যায় ১০৪৮-এ। এয়ার কোয়ালিটি ইনডেক্সের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের জায়গা দখল করেছে বঠিন্ডা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশের মিরাট। সেখানে বায়ুমান সূচক ৬৮০। তৃতীয় স্থানে হরিয়ানার সিরসা। শহরটির সূচক ৬৩৬। পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে তালিকার প্রথম দশটি শহরের দিকে তাকালে। সবক’টিই ভারতের। প্রতিটি শহরের বায়ুমান সূচক ৪০০-র উপরে।
দীপাবলির পর উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বাজির ধোঁয়ায় দূষণ বেড়েছিল। তবে ভাটিন্ডার পরিস্থিতির পিছনে রয়েছে আরও একটি বড় কারণ। পাঞ্জাবের বিভিন্ন জেলায় ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড় পোড়ানোর ঘটনা এখনও চলছে। দ্রুত পরবর্তী ফসলের জন্য জমি প্রস্তুত করতে অনেক কৃষক অবশিষ্ট খড়ে আগুন লাগান। এর ফলে বাতাসে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ ধোঁয়া ও সূক্ষ্ম দূষণকণা। বিশেষ করে পিএম ২.৫ কণার প্রভাব বায়ুর গুণমান আরও খারাপ করে তোলে।
আরও খবর : চলন্ত গাড়ি থামিয়ে তাড়া, প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন! জয়পুরে সাত বছরের পুরনো শত্রুতার ভয়াবহ পরিণতি
কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের প্রকাশিত জেলা-ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত পাঞ্জাবে খড় পোড়ানোর ৪৪৫৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৪০৬টি ঘটনা ভাটিন্ডায়। রাজ্যের জেলাগুলির মধ্যে খড় পোড়ানোর ঘটনায় চতুর্থ স্থানে রয়েছে এই জেলা। তার আগে রয়েছে তরন তারন, ফিরোজপুর ও সাঙ্গরুর। শুধু ৮ নভেম্বরেই পাঞ্জাবে ১১৫২টি খড় পোড়ানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩২টি ভাটিন্ডায়।
দূষণ নিয়ন্ত্রণে আবহাওয়াও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নভেম্বর মাসে রাতের তাপমাত্রা কমে যাওয়ায় এবং বাতাসের গতি কম থাকায় দূষিত কণা সহজে উপরের দিকে ছড়িয়ে পড়তে পারে না। ফলে দূষিত বাতাস ভূপৃষ্ঠের কাছাকাছি আটকে থাকে। বৃহস্পতিবার সকালেও ভাটিন্ডায় ধোঁয়াশা ছিল এবং বাতাসের গতিবেগ তুলনামূলক কম ছিল। খড় পোড়ানো অব্যাহত থাকলে এবং আবহাওয়ার পরিস্থিতি না বদলালে দূষণের মাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।







