ওয়েব ডেস্ক : নিম্নচাপের প্রভাব কাটতেই রাজ্যের আবহাওয়ায় (Weather) বদল আসতে শুরু করেছে। গত তিন দিনে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে শুরু করে বিভিন্ন জেলাতেও অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। বিশেষ করে ভোর ও রাতের দিকে ঠান্ডা হাওয়ায় বদলে যাচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। সকালবেলা বাইরে বেরোলেই মিলছে শীতের আগমনী ইঙ্গিত।
তবে দিনের বেলায় এখনও পুরোপুরি শীতের পরিস্থিতি তৈরি হয়নি। সূর্য ওঠার পর তাপমাত্রা কিছুটা বাড়ছে। আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই পারদ নামতে শুরু করছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রির আশপাশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
আরও খবর : কলকাতার পর হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে মামলা হাইকোর্টে
কিন্তু শীতের আমেজ বাড়ার মধ্যেই নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আবহাওয়া দফতরের অনুমান, আগামী দু’দিনের মধ্যে শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী সপ্তাহে এই নিম্নচাপের প্রভাব রাজ্যের আবহাওয়ায় পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও আপাতত পশ্চিমবঙ্গের উপকূলে বড় কোনও দুর্যোগ কিংবা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
এদিকে সমতলে শীতের অপেক্ষা চললেও পাহাড়ে ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে। লাদাখের দ্রাস বরফের চাদরে ঢেকেছে। রাস্তা থেকে বাড়ির ছাদ, সর্বত্রই জমেছে বরফ। জম্মু-কাশ্মীরের পাশাপাশি হিমাচল প্রদেশের মানালি, লাহুল ও স্পিতিতেও তুষারপাতের ছবি সামনে এসেছে। অন্যদিকে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের কারণে রাজ্যে তাপমাত্রা কমার গতি কিছুটা বাধা পেতে পারে।






