HomeScrollশীতের আমেজে ফের বৃষ্টির ভ্রুকুটি! বঙ্গোপসাগরে নিম্নচাপ, ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের ৭ জেলায়...
Weather Update

শীতের আমেজে ফের বৃষ্টির ভ্রুকুটি! বঙ্গোপসাগরে নিম্নচাপ, ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: কালীপুজোর পর থেকেই ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে বাংলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমেছে তাপমাত্রা। ভোর ও রাতের দিকে হালকা শীতের অনুভূতিও বাড়ছে। তবে শীতের এই আমেজের মধ্যেই ফের বৃষ্টির ভ্রুকুটি! বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী দু’দিনের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের সাতটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতা ছাড়াও হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহের শেষের দিকে আবহাওয়ার পরিস্থিতিতে বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে নিম্নচাপের প্রভাবে তাপমাত্রাতেও পরিবর্তন হতে পারে। বর্তমানে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও তা বেড়ে ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। অর্থাৎ, বৃষ্টির পাশাপাশি সাময়িকভাবে কমতে পারে শীতের অনুভূতি।

তবে এখনই আতঙ্কের কোনও কারণ নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এরপর আকাশ আংশিক মেঘলা হতে পারে। নিম্নচাপের গতিপ্রকৃতির উপরই নির্ভর করবে পরবর্তী আবহাওয়ার পরিস্থিতি।

অন্যদিকে, বাংলায় যখন শীতের আমেজ শুরু হয়েছে, তখন হেমন্তেই তুষারপাতের সাক্ষী থাকল দেশের উত্তরাঞ্চল। জম্মু-কাশ্মীরের লাদাখের দ্রাস এলাকা ঢেকেছে বরফের সাদা চাদরে। রাস্তা থেকে বাড়ির ছাদ— সর্বত্রই তুষারপাতের ছবি ধরা পড়েছে। একই ছবি দেখা গিয়েছে হিমাচল প্রদেশের মানালি, লাহুল ও স্পিতি এলাকাতেও।

সব মিলিয়ে একদিকে দক্ষিণবঙ্গে শীতের আমেজ, অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি। নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, সে দিকে নজর রাখছেন আবহবিদরা। আপাতত পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।

[youtube-feed feed=1]
Read More

Latest News