HomeScrollব্রেক ছাড়াই ৪৬৩ কিলোমিটার ছুটল বন্দে ভারত! বারবার সতর্কতা সত্ত্বেও থামল না...
Vande Bharat Express

ব্রেক ছাড়াই ৪৬৩ কিলোমিটার ছুটল বন্দে ভারত! বারবার সতর্কতা সত্ত্বেও থামল না রেলের গাফিলতি

ঝাড়খণ্ড থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত চলল ফাঁকা বন্দে ভারতের রেক। কামরার ব্রেক ব্যবস্থা কাজ না করলেও যাত্রার অনুমতি, তদন্তের নির্দেশ দক্ষিণ-পূর্ব রেলের।

ওয়েব ডেস্ক : যাত্রীবাহী ট্রেনের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন। কামরার ব্রেক ব্যবস্থা কার্যত অকেজো, তবুও প্রায় ৪৬৩ কিলোমিটার পথ ছুটল বন্দে ভারত এক্সপ্রেসের একটি ফাঁকা রেক (Vande Bharat Express)। ঘটনাটি গত ২৪ অক্টোবরের। ঝাড়খণ্ডের হাতিয়া থেকে উত্তরপ্রদেশের ঝাঁসি পর্যন্ত রেকটি নিয়ে যাওয়ার সময় এই গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে রেলের কর্মীদের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, হাতিয়া থেকে একটি মালগাড়ির ইঞ্জিনের সাহায্যে বন্দে ভারতের ফাঁকা চেয়ার কার রেকটি ঝাঁসিতে পাঠানোর পরিকল্পনা ছিল। নিয়ম অনুযায়ী, যাত্রাপথে ইঞ্জিনের ব্রেক ব্যবস্থার সঙ্গে বন্দে ভারতের কামরাগুলির ব্রেকও কার্যকর থাকার কথা। কিন্তু যাত্রার শুরুতেই সেই ব্যবস্থায় সমস্যা ধরা পড়ে। লোকো পাইলটের বক্তব্য অনুযায়ী, হাতিয়া থেকে রওনা হওয়ার পর ব্রেক পরীক্ষা করতেই বোঝা যায়, ট্রেনের ব্রেক পাওয়ার অত্যন্ত দুর্বল এবং কার্যত অকার্যকর।

রাঁচি স্টেশনে পৌঁছনোর পর বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট সেকশন কন্ট্রোলার ও ট্র্যাকশন লোকোমোটিভ কন্ট্রোলারকে জানান চালক। কিন্তু অভিযোগ, সতর্কবার্তা পাওয়া সত্ত্বেও ট্রেনটিকে একই অবস্থায় এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। মুড়ি স্টেশন থেকে দায়িত্ব নেওয়া পরবর্তী লোকো পাইলটও ব্রেকের সমস্যা সম্পর্কে কর্তৃপক্ষকে জানান। এমনকি ব্রেক পাইপের চাপ কমিয়েও কামরাগুলির ব্রেক কার্যকর করা যাচ্ছে না বলে তিনি স্পষ্টভাবে জানান।

আরও খবর :  ২০-৩০ নভেম্বরের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন? দিল্লিতে প্রস্তুত থাকার নির্দেশ সুদীপ-কাকলিদেরও!

এরপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে তদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে। উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার দীনদয়াল উপাধ্যায় স্টেশনে পৌঁছনোর পর অবশেষে রেকটি পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, সমস্ত কামরার ব্রেক ব্যবস্থা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফলে কামরাগুলির নিজস্ব ব্রেক ব্যবহার করাই সম্ভব হচ্ছিল না।

প্রাথমিক তদন্তে রেলের একাধিক বিভাগের কর্মীদের দায়িত্বে গাফিলতির বিষয়টি উঠে এসেছে। কোচ ও ওয়াগন রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মীরা ব্রেক ঠিকমতো কাজ করছে কি না, তা শারীরিকভাবে পরীক্ষা করেননি বলে অভিযোগ। পাশাপাশি সংশ্লিষ্ট স্টেশনগুলির সেকশন ও ট্র্যাকশন কন্ট্রোলার এবং রেকটি চালানোর দায়িত্বে থাকা কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বন্দে ভারতের বিশেষ ব্রেক ব্যবস্থার সঙ্গে পরিচিতি না থাকা এবং কামরাগুলিতে ব্রেক কার্যকর হচ্ছে কি না, তা সরেজমিনে পরীক্ষা না করার বিষয়টিও তদন্তে উল্লেখ করা হয়েছে।

রেলের তদন্ত সংক্রান্ত নির্দেশে বলা হয়েছে, কার্যকর ট্রেন ব্রেক ছাড়াই রেকটি চালানো হয়েছিল। প্রায় ৪৬৩ কিলোমিটার পথ অতিক্রম করতে ইঞ্জিনের ব্রেক এবং রিজেনারেটিভ ব্রেকিং ব্যবস্থার উপর নির্ভর করতে হয়েছিল। রেলের ভাষায়, পর্যাপ্ত ব্রেক পাওয়ার ছাড়া ট্রেন চালানো অত্যন্ত গুরুতর নিরাপত্তাজনিত সমস্যা। এর ফলে কর্মী ও যাত্রীদের জীবন বিপন্ন হওয়ার পাশাপাশি রেল চলাচলেও বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, এই ঘটনার কয়েক দিন পরেই ১১ নভেম্বর অসমে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সেই ঘটনায়ও রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা সংক্রান্ত গাফিলতির অভিযোগ সামনে এসেছিল। পরপর এমন ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। দক্ষিণ-পূর্ব রেল ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব ও গাফিলতি চিহ্নিত করতে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News