ওয়েব ডেস্ক : দিল্লির (Delhi) মোতি নগরে মহিলাকে খুনের ঘটনায় প্রকাশ্যে এল দোকানের সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মহিলাকে মারধর করছে। বারবার বাধা দেওয়ার চেষ্টা করলেও তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। সাহায্যের জন্য চিৎকার করতে এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যায় ওই মহিলাকে। এরপর অভিযুক্ত তাঁকে টেনে নিয়ে যায় দোকানের পোশাক বদলানোর ঘরে। পুলিশের প্রাথমিক অনুমান, সেখানেই ছুরি দিয়ে আঘাত করে মহিলাকে খুন করা হয়।
শনিবার রাতে মোতি নগরের একটি জামাকাপড়ের দোকানের ট্রায়াল রুম থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দোকানের ভিতরে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, অভিযুক্তের নাম সুরাজ।
আরও খবর : BREAKING NEWS: কুলগাম হামলার অন্যতম চক্রী লতিফ ভাট এনকাউন্টারে নিহত
পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপড়েনের জেরেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে খুনের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।







